সবং: রাজ্যে শাসনভার বদলের পর থেকেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপের ধারা অব্যাহত রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এক দাপুটে নেতার নাম। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে ঠিকাদারদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের ‘কাটমানি’ বা তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূলের বলপাই অঞ্চলের প্রাক্তন সভাপতি মানিক মাইতিকে।
এলাকায় যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট নেতা মানস ভুঁইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত পাত্র হিসেবে পরিচিত ছিলেন। একসময়ের প্রতাপশালী এই নেতার আকস্মিক পতন ও রবিবাসরীয় রাতে পুলিশের জালে ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সবংয়ের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় বলপাই অঞ্চলে মানিক মাইতির কথাই ছিল শেষ কথা। অভিযোগ, সেই ক্ষমতার দাপট দেখিয়েই ব্লকের একাধিক সরকারি কাজে ও ঠিকাদারদের থেকে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকার কাটমানি পকেটে পুরতেন তিনি। সম্প্রতি তাঁর এই দুর্নীতি ও তোলাবাজির খতিয়ান তুলে ধরে সবং থানায় একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সেই এফআইআর-এর (FIR) ভিত্তিতেই রবিবার রাতে গোপন অভিযান চালিয়ে মানিককে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। এই গ্রেপ্তারি নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, "মানিক মাইতি বলপাই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আক্ষরিক অর্থেই ত্রাস ছিল। ওর অত্যাচারে মানুষ তটস্থ থাকত, আজ পাপের ঘড়া পূর্ণ হয়েছে।"
আজ রাতেই আকাশে মায়াবী ম্যাজিক! মিস করলেই পস্তাবেন!
আইনের জালে ফেঁসে গেলেও অবশ্য নিজের অপরাধের কথা মানতে নারাজ এই ধৃত তৃণমূল নেতা। সোমবার আদালতে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানিক মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্তমূলকভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে ইঙ্গিত করলেও, দেশের বিচারব্যবস্থা ও আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি। তবে মানিক নিজেকে নির্দোষ দাবি করলেও, তাঁর মতো এক সময়ের ক্ষমতাধর নেতার লকআপে ঠাঁই হওয়া বলপাইয়ের সাধারণ মানুষের মনে স্বস্তি এনেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন