কলকাতা: সকালের ভ্যাপসা গরম কেটে দুপুরের পর থেকেই হড়মুড়িয়ে নামল অন্ধকার। মুহুর্মুহু কানফাটানো বজ্রপাত আর দমকা বাতাসের সাথে প্রবল বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মিলিয়ে দিয়ে সোমবার দুপুর ২টোর পর থেকেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে এই মরসুমের অন্যতম খ্যাপাটে বৃষ্টি।
বৃষ্টির জেরে ইতিমধ্যেই যাদবপুর, পাটুলি, কসবা এবং সল্টলেকের মতো একাধিক নিচু এলাকায় জল জমে গিয়েছে, ঝোড়ো হাওয়ায় বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছে। তবে এখানেই শেষ নয়, হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ কেবল ট্রেলার ছিল, আগামী সাত দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে প্রকৃতির এই তাণ্ডব।
আবহাওয়াবিদদের বিশেষ বুলেটিন জানাচ্ছে, এই মুহূর্তে পঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি শক্তিশালী মরসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি, আরও একটি অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত চলে গিয়েছে বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার জেরে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এই পরিস্থিতিতে মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকছে।
বুধবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। আলিপুর জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বিশেষ করে আগামী শনি ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী দুর্যোগের লাল সঙ্কেত রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ ও দুই দিনাজপুর-সহ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির এই দুর্যোগ জারি থাকবে। তবে উত্তরবঙ্গবাসীর জন্য সামান্য স্বস্তির খবর দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার থেকে পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যদিও পুরোপুরি থামবে না।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন