দিঘার জগন্নাথ মন্দিরে সোমবার পালিত হবে শ্রীজগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা। মূল মন্দিরের পাশের বিশেষ স্নানমণ্ডপে ধর্মীয় রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তিকে দুধ ও নানা উপচার মেশানো পবিত্র জলে মহাস্নান করানো হবে। এই উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড়ের প্রত্যাশা করছে মন্দির কর্তৃপক্ষ।
সকালে ‘পহন্ডি বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে তিন দেবদেবীর বিগ্রহ মূল মন্দির থেকে স্নানমণ্ডপে আনা হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে মহাস্নানের মূল পর্ব। এরপর দেবতাদের আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। দুপুর ১টায় জগন্নাথদেব ধারণ করবেন বিশেষ ‘গজবেশ’, আর নিবেদন করা হবে ঐতিহ্যবাহী ৫৬ ভোগ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহাস্নানের পর অতিরিক্ত জলে স্নান করার কারণে জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে তিনি, বলরাম ও দেবী সুভদ্রা ‘অনবাসর’ বা বিশ্রাম পর্বে চলে যান। এই সময় দেবদেবীর দর্শন বন্ধ থাকে এবং রথযাত্রার আগে ‘নবযৌবন’ রূপে আবার ভক্তদের দর্শন দেন।
মন্দির ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন বন্ধ থাকবে। তবে মন্দির খোলা থাকবে এবং ভক্তরা এই সময় রাধা-মদনমোহনের দর্শন, পূজা, আরতি ও নিত্যসেবায় অংশ নিতে পারবেন। এদিকে, আসন্ন রথযাত্রাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও জোরকদমে শুরু হয়েছে। শনিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে ভিড় নিয়ন্ত্রণ, ট্র্যাফিক, নিরাপত্তা, বিদ্যুৎ ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের আশা, এ বছরও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে দিঘায়।
বিষয় : RathYatra Digha Jagannath Temple

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন