অশোকনগর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের জ্বালানি মানচিত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে চলেছে পশ্চিমবঙ্গ। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি। শুধু তাই নয়, আগামী বছরের গোড়াতেই এই একই ক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরুর মেগা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। অশোকনগরের এই মাটির তলায় লুকিয়ে থাকা অপরিশোধিত তেলের গুণমান দেশের অন্যতম প্রধান তেলক্ষেত্র ‘বম্বে হাই’-এর সমতুল্য। হিসাব অনুযায়ী, এখানে প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের বিশাল ভাণ্ডার রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা।
অশোকনগরে ইতিমধ্যেই পাঁচটি উৎপাদনমূলক কূপ খনন করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে আগামী মাসেই একটি কূপ থেকে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন শুরু হয়ে যাবে। বাকি কূপগুলি থেকেও যাতে দ্রুত উৎপাদন শুরু করা যায়, তার জন্য মাটির উপরের পরিকাঠামো নির্মাণ, তেল সংরক্ষণ ও পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার কাজ এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এই তেল ভাণ্ডার থেকে সরাসরি প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা রয়্যালটি ও কর বাবদ জমা পড়বে রাজ্য সরকারের কোষাগারে। এই বিপুল পরিমাণ অর্থ এবং উৎপাদিত অপরিশোধিত তেল হলদিয়া শোধনাগারে পাঠিয়ে রাজ্যের শিল্পায়নে ব্যবহার করার এক দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন।
দীর্ঘদিন ধরে এই স্বপ্নের প্রকল্পের পথে অন্যতম বড় বাধা ছিল স্ট্যাম্প ডিউটি, রয়্যালটি ও লাইসেন্স সংক্রান্ত নানা আইনি জটিলতা। তবে সম্প্রতি কেন্দ্র সরকার ‘পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আইন, ২০২৫’ কার্যকর করার পর সেই আইনি জট অনেকটাই কেটে গিয়েছে। এই প্রকল্পের দ্রুত অগ্রগতিতে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। সংসদে এই খনিজ তেলের বিষয়টি বারবার উত্থাপন করার পাশাপাশি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে লাগাতার সমন্বয় বজায় রেখেছিলেন তিনি। এই প্রকল্পে ওএনজিসি ইতিমধ্যেই প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করেছে এবং রাজ্যে আরও দুটি বেসিনে তারা ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
এই ঐতিহাসিক প্রকল্প নিয়ে আশাবাদী শমীক ভট্টাচার্যের দাবি, জুলাই মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিল্প ও জ্বালানি ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। অশোকনগরের এই তেল প্রকল্প শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে। এই প্রকল্পকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ভারী শিল্প, সহায়ক পরিষেবা, পরিবহণ পরিকাঠামো এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের এক অভূতপূর্ব সুযোগ তৈরি হবে। এর ফলে দেশীয় তেল উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনই অপরিশোধিত তেল আমদানির উপর ভারতের নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যদিও জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা এখনও রয়ে গিয়েছে, তবে রাজ্যের নতুন জমি নীতি কার্যকর হলে দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট মহল।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন