শিল্পে নতুন গতি ফেরানোর লক্ষ্যে বড় বিনিয়োগের আশ্বাস পেল পশ্চিমবঙ্গ। শুক্রবার আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে বিভিন্ন শিল্পক্ষেত্রে মোট ১,৬০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলায় শিল্পায়নের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন কারণে শিল্পের ক্ষেত্রে বাংলা পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, সরকার সহযোগিতা করবে, তবে বাংলার উন্নয়নের আসল দূত হবেন উদ্যোক্তারাই। পাশাপাশি শিল্পমহলের দীর্ঘদিনের দাবি মেনে ল্যান্ড সিলিং অ্যাক্ট সরলীকরণের ইঙ্গিতও দেন তিনি। এদিনের সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব স্যান্যালও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাঙালিরা ব্যবসা করতে পারেন না - এই ধারণা ঠিক নয়। তাঁর মতে, উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাংলার ব্যবসায়িক সম্ভাবনা আরও বাড়বে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন সরকারের আমলে বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, এলঅ্যান্ডটি, পিয়ারলেস গ্রুপ-সহ একাধিক সংস্থা। দুর্গাপুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রায় ৬,০০০ কোটি টাকার একটি বড় প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এলঅ্যান্ডটি রাজ্যে ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি মেগা ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই প্রকল্পে প্রায় ২৫ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
নদীর জল বাড়তেই পাহাড়ে আতঙ্ক, ধস ঝুঁকিতে থমকে গেল উত্তরবঙ্গ
স্বাস্থ্য ক্ষেত্রেও বড় বিনিয়োগের ঘোষণা করেছে পিয়ারলেস গ্রুপ। সংস্থার পক্ষ থেকে মোট ১,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪০০ কোটি টাকা ক্যানসার চিকিৎসা পরিষেবার উন্নয়নে এবং ১৫০ কোটি টাকা বারাসত জেলা হাসপাতালের আধুনিকীকরণে ব্যয় করা হবে। পাশাপাশি ২০২৯ সালের মধ্যে আবাসন ও শপিং মল নির্মাণে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে। এছাড়া, রাজ্য সরকারের সেমিকন্ডাক্টর শিল্প সংক্রান্ত উদ্যোগে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে PwC। সরকারের আশা, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে শিল্প, পরিকাঠামো এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন