শুক্রবার রাতেই সংঘর্ষবিরতির পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল ইজরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। কিন্তু সেই সমঝোতা টেকেনি বেশিক্ষণ। অভিযোগ, যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই ফের লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। এই ঘটনার জেরে ইরান-আমেরিকার শান্তি আলোচনাও ফের অনিশ্চয়তার মুখে পড়েছে বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে। শুক্রবার সুইৎজ়ারল্যান্ডের জেনিভায় হঠাৎ করেই বাতিল হয়ে যায় ইরান-আমেরিকার শান্তিবৈঠক।
প্রথমে ধারণা ছিল, লেবাননে চলমান হামলাই আলোচনার প্রধান বাধা। তবে পরে হেজ বোল্লার সঙ্গে সংঘর্ষবিরতির খবর সামনে আসায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছিল। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠকে যোগ দিতে জেনিভার পথে রওনা দেন বলেও খবর আসে। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচিও বৈঠকে যোগ দিতে ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের দাবি। কিন্তু সেই সময়েই ফের লেবাননে হামলার খবর সামনে আসে।
লেবাননের এনএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহরে রাতভর ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইজ়রায়েল। এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনার শুরু থেকেই লেবানন ইস্যু ছিল প্রধান বাধা। হেজবোল্লার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ইজরায়েলের ধারাবাহিক হামলা বারবার শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের মধ্যে এই ইস্যুতে মতপার্থক্য তৈরি হয়েছে বলেও দাবি কূটনৈতিক মহলের একাংশের।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন