২০ জুন পশ্চিমবঙ্গ দিবসকে ঘিরে সাজ সাজ রব তারকেশ্বরে। রাজ্যের অন্যতম বড় সরকারি অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও শিল্পীরা। বৈদ্যবাটি ১২ নম্বর রোড সংলগ্ন বালিগড়ি মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। সেই মঞ্চ সাজাতে আনা হয়েছে থাইল্যান্ডের অ্যান্থুরিয়াম, তামিলনাড়ুর উটির জারবেরা ও লিলি-সহ নানা ধরনের বাহারি ফুল।
শুক্রবার অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী অজয়কুমার পোদ্দার, বিধায়ক সন্তু পান, দীপাঞ্জন গুহ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। জানা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছে মোট পাঁচটি বিশাল হ্যাঙ্গার। পাশাপাশি তৈরি হয়েছে হেলিপ্যাডও। মূল মঞ্চে রাখা হয়েছে বাংলার ঐতিহ্যের ছোঁয়া। কলকাতার হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশা, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, মৃৎশিল্পী ও বাংলার সংস্কৃতির নানা প্রতীক দিয়ে সাজানো হচ্ছে সভাস্থল। মঞ্চসজ্জার কাজে তমলুক থেকে এসেছেন ২৬ জন ফুলশিল্পী। তাঁদের দাবি, রাজনৈতিক পালাবদলের পর এটাই রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম বড় সরকারি অনুষ্ঠান, তাই সাজসজ্জাতেও রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব।
তবে শুক্রবারের ভারী বৃষ্টি কিছুটা সমস্যা তৈরি করে। অনুষ্ঠানের মাঠের একাংশ জলমগ্ন হয়ে পড়ে। দ্রুত পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু হয়। বালি ও স্টোন চিপস ফেলে মাঠ প্রস্তুত করার কাজও চলছে জোরকদমে। প্রশাসনের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না। আয়োজকদের আশা, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দুই লক্ষেরও বেশি মানুষের সমাগম হবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন