কলকাতা: টলিপাড়ার ক্ষমতার অলিন্দে দীর্ঘকাল ধরে যাঁর অঙ্গুলিহেলনে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার যে তথ্য সামনে এলো, তা শুনে চক্ষু চড়কগাছ টলিউড থেকে আমজনতার। তোলাবাজি, জালিয়াতি বা যৌন হেনস্থার মতো মারাত্মক সব অভিযোগ তো ছিলই, কিন্তু এবার তাঁর বিরুদ্ধে আদালতে উঠেছে এক হাড়হিম করা দাবি। অভিযোগ, রাজ্যের প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস নাকি এমন এক বিশেষ চশমা ব্যবহার করতেন, যার ভেতরে অত্যন্ত গোপনে ফিট করা ছিল হাইটেক ক্যামেরা! আদালতে অভিযোগকারীদের আইনজীবীরা দাবি করেছেন, মন্ত্রীর ভাইয়ের পদের দাপট দেখিয়ে এবং টলিউডে কাজের প্রলোভন দিয়ে অসংখ্য মহিলার ওপর পাশবিক অপব্যবহার চালানো হয়েছে। আর সেই নোংরামির প্রমাণ ও গোপন মুহূর্ত ভিডিও রেকর্ড করতেই এই ক্যামেরাযুক্ত চশমা ব্যবহার করা হতো। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ টেকনিশিয়ানরা যে একটা চরম আতঙ্কের সাম্রাজ্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন, এই ‘স্পাই গ্লাস’-এর তত্ত্ব সামনে আসায় তা আরও একবার স্পষ্ট হলো।
নিউ আলিপুর ও রিজেন্ট পার্ক থানার জোড়া তোলাবাজির মামলায় স্বরূপকে জেরা করতেই রোজই কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। আলিপুর আদালতে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল স্পষ্ট জানান, টলিউডে কোনও প্রজেক্টে কাজ পেতে হলে কলাকুশলীদের নামের তালিকা আগে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপের কাছে পাঠাতে হতো। আর কাজ পাইয়ে দেওয়ার ‘ফি’ হিসেবে খোদ স্বরূপ নাকি ৫ শতাংশ করে মোটা অঙ্কের কাটমানি নিতেন! এখানেই শেষ নয়, কোভিডের সময় টলিপাড়ার দুস্থ কর্মীদের সাহায্যের নামে ফেডারেশন যে ১ কোটি ৭৫ লক্ষ টাকা তুলেছিল, তার মধ্যেও প্রায় ৭৫ লক্ষ টাকার কোনও হদিশ নেই বলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বয়ান উদ্ধৃত করে আদালতে জানিয়েছে পুলিশ। এছাড়াও, সুরুচি সংঘের ক্লাবে একা ডেকে নিয়ে গিয়ে রিজেন্ট পার্কের এক উঠতি অভিনেত্রীর কাছে ফুড কার্টের ব্যবসার পারমিশন পাইয়ে দেওয়ার নামে ৮০ লক্ষ টাকা ঘুষ ও লাখ টাকার পুজো চাঁদা দাবি করার পাশাপাশি যৌন হেনস্থার মতো নতুন ধারায় 'শোন অ্যারেস্ট' করা হয়েছে স্বরূপকে।
গত ৪ জুন শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে প্রথম গ্রেফতার হওয়ার পর আজ টানা ১৩ দিন ধরে লকআপেই কাটছে স্বরূপের। তবে তাঁর আইনজীবীরা আদালতে সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিলেও, বিচারক কিন্তু একটুও রেয়াত করেননি। দু'জন ব্যক্তির গোপন জবানবন্দি এবং স্বরূপের কাছে থাকা একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় আগামী ২৩ জুন পর্যন্ত তাঁকে ফের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। এখন টলিপাড়ার সবথেকে বড় কৌতূহল, ওই ক্যামেরাযুক্ত চশমাটি উদ্ধার হলে তার আড়ালে কি টলিউডের আরও কোনও বড় রাঘববোয়ালের ‘ডার্টি সিক্রেট’ ও ব্ল্যাকমেইলিংয়ের ভিডিও ফাঁস হয়ে যাবে? উত্তরের অপেক্ষায় কাঁপছে ফিল্ম ইন্ডাস্ট্রি।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন