ভোটের আবহে এবার উত্তপ্ত বসিরহাট। মঙ্গলবার সকালে বসিরহাট টাউন হলের সামনে ইতিন্ডা রোডে 'বিজেপি বয়কট'-এর একটি বড় ব্যানার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। চাঞ্চল্যকর বিষয় হলো, যে জায়গায় এই ব্যানারটি লাগানো হয়েছে, তার ঠিক পাশেই বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা কার্যালয়। ব্যানারে সাফ লেখা রয়েছে— "বাংলার সম্মান নিয়ে রাজনীতি চলবে না— বিজেপি বয়কট করুন।"
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সন্দেশখালি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী রেখা পাত্র এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর দাবি, হার নিশ্চিত জেনেই তৃণমূল এখন এই ধরণের নোংরা অপপ্রচারে নেমেছে।
রেখা পাত্র জানান, "তৃণমূল কংগ্রেস বরাবরই এই ধরণের কুৎসিত রাজনীতি করে আসছে। আমাদের বয়কটের ডাক দিয়ে পোস্টার মারা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই ভয়ে এখন এই ধরণের হাস্যকর কাজ করছে তারা।" তিনি আরও যোগ করেন, "প্রতিটি রাজনৈতিক দলের লড়াই করার অধিকার আছে। তৃণমূল চুরি, দুর্নীতি আর জোচ্চুরি করে টিকে থাকতে চাইছে, কিন্তু এতে আমাদের কাজে কোনো বাধা আসবে না। আমরা আমাদের আদর্শ মেনেই কাজ করব।"
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের লাগানো এই ব্যানার কারা লাগাল, তা নিয়ে বসিরহাটের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শাসক দল যদিও এই দায় অস্বীকার করেছে, তবে ভোটের মুখে এই ব্যানার বিতর্ক যে বসিরহাটের পারদ আরও চড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন