নয়াদিল্লি: দাউদ ইব্রাহিম কিংবা তার গ্যাং ‘ডি-কোম্পানি’ কোনও ভাবেই ভারতের নয়!
বরং তার আসল ঠিকানা পাকিস্তানই। সম্প্রতি রাষ্ট্রসংঘের বিশ্বমঞ্চে কড়া ভাষায় এই সত্যই পুনর্ব্যক্ত করল নয়াদিল্লি। রাষ্ট্রসংঘের সন্ত্রাস দমন ও মানবাধিকার বিষয়ক স্বাধীন পর্যবেক্ষক বেন সলের পেশ করা একটি ‘ত্রুটিপূর্ণ’ ও তথ্যগত অসঙ্গতিতে ভরা রিপোর্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেখানে ডি-কোম্পানিকে ‘ভারতে অবস্থিত’ (India-based) একটি অপরাধী সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছিল। এর তীব্র বিরোধিতা করে ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রসংঘকে সপাট জবাব দিল ভারত।
গত জুলাই মাসে মানবাধিকার ও সন্ত্রাসবাদ সম্পর্কিত একটি প্রতিবেদনে বিশেষ পর্যবেক্ষক বেন সল দাবি করেন, ২০০৩ সালে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ‘ভারতে অবস্থিত ডি-কোম্পানি’র প্রধানকে আল-কায়েদার সঙ্গে যোগসূত্রের কারণে তালিকাভুক্ত করেছিল। রাষ্ট্রসংঘের সাধারণ সভার তৃতীয় কমিটিতে এই রিপোর্টের কড়া সমালোচনা করেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী।
তিনি স্পষ্ট জানান, এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন। সলের এই মারাত্মক ভুল এবং তথ্যের বিকৃতি রাষ্ট্রসংঘের মতো বিশ্বপ্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে। এই অসঙ্গতির জন্য জবাবদিহির দাবিও তুলেছে নয়াদিল্লি।
ভারতের প্রতিনিধি রঘু পুরী সভায় মনে করিয়ে দেন, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বোমা হামলার পর ২০০৩ সালে রাষ্ট্রসংঘের তালিকায় ঢোকার অনেক আগেই দাউদ ভারত থেকে চম্পট দেয়।
পুরী স্পষ্ট ভাষায় বলেন, “২০০৩ সালে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত হওয়ার অনেক আগেই দাউদ ভারত ছেড়ে পালায় এবং অন্য একটি দেশে গিয়ে আল-কায়েদা ও ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ হয়। নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কাঠামোর নথিতেও তা স্পষ্ট উল্লেখ আছে।”
পাকিস্তানের নাম না করলেও ইসলামাবাদকে কটাক্ষ করে ভারতের কূটনৈতিক বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। পুরী জানান, দাউদ আজও ভারতের চোখে একজন পলাতক অপরাধী। রাষ্ট্রসংঘের নিজেদের তালিকাই বলছে, দাউদ বর্তমানে ঠিক সেই দেশেই আশ্রয় নিয়ে রয়েছে, যেখানে ২০১১ সালে বিশ্বখ্যাত জঙ্গিনেতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেয়ে নিকেশ করেছিল মার্কিন বাহিনী। দাউদ ও তার গ্যাংকে ভারতের বলে দাগিয়ে দেওয়ার এই অপচেষ্টাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ওই রিপোর্ট সংশোধনের কড়া বার্তা দিয়েছে ভারত।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন