বয়স ৮৪, তবুও অফুরন্ত এনার্জি। কাজের দুনিয়ায় আজও সমান সক্রিয় তিনি। শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সবেতেই নিজের ছাপ রেখে চলেছেন অমিতাভ বচ্চন। তবে এবার কয়েকদিনের জন্য কাজ থেকে বিরতি নিতে চলেছেন বলিউডের ‘শাহেনশা’। বুধবার রাতে নেট মাধ্যমে একটি পোস্ট করে নিজেই সে কথা জানিয়েছেন বিগ বি।
নিজের পোস্টে অমিতাভ লেখেন, “আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত আমি কিছুই লিখতে পারছি না।” তবে ঠিক কী কারণে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি অভিনেতা। আর এই পোস্ট দেখেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগী মহলে।
সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ বচ্চন। নিয়মিত নিজের ব্লগ এবং এক্স হ্যান্ডেলে নানা বিষয়ে লেখালেখি করেন তিনি। সবকিছুই ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তাই তাঁর সাময়িক বিরতি নেওয়ার পোস্ট ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে অক্টোবরের শুরুর দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন অমিতাভ। সেই ঘটনার সঙ্গে সাম্প্রতিক বিশ্রামের কোনও যোগ রয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।
সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন এবং টেলিভিশনের পর্দাতেও নিয়মিত দেখা যায় অমিতাভকে। বিশেষ করে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবে তাঁর উপস্থিতি দর্শকদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণ। আপাতত বিশ্রামে থাকার কথা জানিয়েছেন বিগ বি। কবে ফের নিজের চেনা ছন্দে ফিরবেন বিগ বি, সেদিকেই নজর অনুরাগীদের।
বিষয় : Amitabh Bachchan

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন