ঢাকা: কূটনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম তথ্য-সম্প্রচার ও সাংস্কৃতিক উপদেষ্টা জাহেদ উর রহমানকে। দিল্লিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে এসে রবিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকদের বাধার মুখে পড়েন তিনি। প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখার পর অবশেষে উপরমহলের নির্দেশে তাঁকে ছাড়পত্র দেওয়া হলেও, এই চরম অসম্মানের পর আর দিল্লিতে প্রবেশ করতে চাননি তিনি। ক্ষুব্ধ ও অপমানিত ঢাকার এই প্রতিনিধি তৎক্ষণাৎ শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টার মাঝেই এই নজিরবিহীন ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে কূটনৈতিক মহল।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮তম বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল জাহেদ উর রহমানের। ঢাকার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, সমস্ত প্রোটোকল মেনে গত শুক্রবারই কূটনৈতিক চিঠির মাধ্যমে তাঁর আসার খবর ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল। এমনকি দিল্লির বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাও ব্যক্তিগতভাবে ভারতের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এত কিছুর পরেও কেন কোনো কারণ ছাড়াই বিমানবন্দরে তাঁকে আড়াই ঘণ্টা আটকে রাখা হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ন্যাশনাল সিটিজেন পার্টির বদলে চিটিজেন পার্টি বলে কটাক্ষ অধীরের
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল পেরিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। বিগত কিছু সময় ধরে দুই দেশের তলানিতে ঠেকা সম্পর্ককে স্বাভাবিক করার যে চেষ্টা চলছিল, এই ঘটনা তাতে বড়সড় ধাক্কা দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের মাটিতে বাংলাদেশি উচ্চপদস্থ প্রতিনিধির সঙ্গে এমন আচরণ এই প্রথম।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গোটা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান এই ঘটনাকে অত্যন্ত 'অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক' বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং বিস্তারিত তথ্য হাতে পাওয়ার পর আজ দিনের শেষেই সরকারের অবস্থান স্পষ্ট করা হবে। আচমকা ঘটে যাওয়া এই কূটনৈতিক সংঘাতের জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন