কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত হচ্ছে তিলোত্তমা। আগামী ২১ জুন কলকাতায় ঘটা করে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস, আর সেই অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর এবং যোগ দিবসের বিশাল সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখে আগামী রবিবার পর্যন্ত কলকাতার অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ফলে যানজটের ভোগান্তি এড়াতে এখন থেকেই সতর্ক হতে হচ্ছে সাধারণ মানুষকে।
পুলিশ কমিশনার অজয় নন্দের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার রাত ১০টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী রবিবার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে শুধু রেড রোডই নয়, শনিবার রাত থেকেই শহরের একগুচ্ছ গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এজেসি বোস রোড, মৌলালি মোড় এবং সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে। এছাড়া স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের মতো ব্যস্ত এলাকাগুলিতেও যান চলাচলের ওপর নজরদারি চালাবে পুলিশ।
জনকল্যাণ শিবিরে পরিষেবা বিভ্রাট ঘিরে ক্ষোভ
রবিবার মেয়ো রোড সাধারণ মানুষের জন্য বন্ধ থাকলেও, কেবল স্টিকার লাগানো বিশেষ গাড়িগুলিই সেখান দিয়ে যাতায়াত করতে পারবে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ডালহৌসি বা হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড ও এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং আউটরাম রোডের মতো রাস্তাগুলি শনিবার রাত থেকেই সাধারণের ব্যবহারের জন্য বন্ধ করে দিচ্ছে ট্র্যাফিক পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ট্র্যাফিক পুলিশ যেকোনো মুহূর্তে ছোট রাস্তাগুলিতেও গাড়ি ঘুরিয়ে দিতে পারে বলে জানানো হয়েছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই রাষ্ট্রপুঞ্জ ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। গতবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগ দিলেও এবার তিলোত্তমাই হতে চলেছে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সব মিলিয়ে রবিবারের মেগা ইভেন্ট সফল করতে একদিকে যখন জোরকদমে প্রস্তুতি চলছে, অন্যদিকে নিত্যযাত্রীদের পকেটে এখন থেকেই বিকল্প রাস্তার মানচিত্র গুছিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন