আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় তদন্তে নতুন গতি এল। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (SIT) এবার হাসপাতাল চত্বরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ দিন ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআইয়ের গোয়েন্দারা। তদন্তকারীরা ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও হাসপাতালের কর্মীদের বক্তব্য সংগ্রহ করছেন।
জানা গিয়েছে, ঘটনার রাত থেকে পরদিন দাহকার্য পর্যন্ত পুরো ঘটনাক্রম নতুন করে খতিয়ে দেখছে SIT। বিশেষ করে প্রমাণ নষ্ট করা হয়েছিল কি না, কিংবা ঘটনার কোনও অংশ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, সেই অভিযোগগুলির উপরেই জোর দিচ্ছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। তদন্তের শুরুতে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্ত শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়।
তবে তদন্তের একাধিক দিক নিয়ে প্রশ্ন তুলে শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের পরিবার। তাঁদের দাবি ছিল, ঘটনার সমস্ত দিক যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। সেই কারণেই নতুন বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানানো হয় আদালতে। পরিবারের সেই আবেদনের ভিত্তিতে গত ২১ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলার কিছু নির্দিষ্ট দিক পুনরায় তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি নতুন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আগামী ২৫ জুনের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন