রাজ্যের রাজনৈতিক ময়দানে ‘ডিম-বিক্ষোভ’-এর ঘটনা যেন থামছেই না। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন এলাকায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।
সূত্রের খবর, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামে এক যুবক তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, “অনেক অত্যাচার করেছে।” এরপরই এলাকা ছাড়েন যুবক। এপ্রসঙ্গে কুণাল বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম। হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়েছে। এক মাঘে শীত যাবে না।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। নিরাপত্তারক্ষী এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে বিরোধী শিবির অভিযোগ উড়িয়ে দিয়ে ঘটনার অন্য ব্যাখ্যা সামনে আনার চেষ্টা করেছে।
উল্লেখ্য, সম্প্রতি সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ডিম ছোড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে। কালীঘাটের এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন