দিল্লি: আগামী ৮ জুন রাজধানীতে বিরোধী শিবিরের মেগা বৈঠকের আগেই সলিলসমাধি ঘটল ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ঐক্যের। কংগ্রেসের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে এবার বিরোধী জোট থেকে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গেল এম কে স্ট্যালিনের ডিএমকে (DMK)। তামিলনাড়ুর এই প্রধান রাজনৈতিক দলের সাফ কথা, যে মঞ্চে কংগ্রেস থাকবে, সেখানে পা রাখবে না তারা। ফলে রবিবারের বৈঠকে স্ট্যালিনের দলের কোনো প্রতিনিধিই উপস্থিত থাকছেন না। লোকসভায় ২২ জন সাংসদ থাকা ডিএমকে-র এই আকস্মিক এক্সিট মোদী-বিরোধী ফ্রন্টের জন্য এক বিরাট ধাক্কা, যা আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিল আটকানোর ক্ষেত্রে বিরোধীদের লড়াইকে সংসদের অন্দরে অনেকটাই দুর্বল করে দিল।
এই নজিরবিহীন ফাটলের সূত্রপাত অবশ্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই। দক্ষিণের এই রাজ্যে অভিনেতা বিজয়ের দল (TVK) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতেই ভোলবদল করে হাত শিবির। মাত্র ৫টি আসন পাওয়া কংগ্রেস নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কোনো আলোচনা ছাড়াই ডিএমকে-র হাত ছেড়ে বিজয়কে ‘শর্তসাপেক্ষ’ সমর্থনের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের আগে জোটের ফায়দা তুলে ভোট বৈতরণী পার হয়েই কংগ্রেসের এই ‘বিশ্বাসঘাতকতা’ কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ট্যালিনের দল। ক্ষোভের পারদ এতটাই চড়েছে যে, ইতিপূর্বেই লোকসভায় কংগ্রেসের পাশে বসতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন ডিএমকে নেতারা। জোড়া তালি দিয়ে এই ভাঙন রুখতে আসরে নেমেছিল তৃণমূল কংগ্রেস, এমনকি কেরলে সিপিএম-কংগ্রেসের মুখোমুখি লড়াইয়ের উদাহরণ টেনে তামিলনাড়ুর ক্ষত মেরামতের বার্তা দিয়েছিল কংগ্রেসও। কিন্তু সমস্ত বোঝানোর চেষ্টাই শেষমেশ ব্যর্থ হলো। যেখানে কংগ্রেস বা বিজয়ের দল থাকবে, সেখানে কোনো সমঝোতা সম্ভব নয়— ডিএমকে-র এই অনমনীয় মনোভাব ৮ জুনের বিরোধী বৈঠক শুরুর আগেই ‘ইন্ডিয়া’ শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন