কলকাতা: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ ও জ্যৈষ্ঠ — এই দুই মাসজুড়েই চলে গ্রীষ্মের রাজত্ব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়ে সূর্যদেব মেষ ও বৃষ রাশিতে অবস্থান করেন। বিশেষ করে সূর্য যখন বৃষ রাশিতে গোচর বা প্রবেশ করে, তখনই গরম একেবারে চূড়ান্তে পৌঁছয়। বর্তমানেও সূর্য বৃষ রাশিতে আসীন, আর তারই জেরে প্রকৃতিজুড়ে শুরু হয়েছে এই অগ্নিগর্ভ পরিস্থিতি।
সনাতন শাস্ত্রে ক্ষিতি (মাটি), অপ (জল), তেজ (আগুন), মরুৎ (বায়ু) এবং ব্যোম (আকাশ) — এই পঞ্চভূতের উল্লেখ রয়েছে। আমাদের মহাবিশ্ব যেমন এই পাঁচ উপাদানে তৈরি, মানুষের শরীরও তাই। কিন্তু, তারমধ্যেই এক-একটি উপাদানের আধিক্য থাকে। রাশিচক্রের বারোটি রাশির মধ্যেও এই তত্ত্বের ভাগ রয়েছে। মেষ, সিংহ এবং ধনু — এই তিন রাশির জাতক-জাতিকাদের মূল উপাদান হল 'তেজ' বা আগুন। যেহেতু তাঁদের শরীরে স্বভাবগতভাবেই অগ্নিতত্ত্বের প্রভাব বেশি, তাই এই তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পান এবং শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এই তিন রাশির মানুষরাই।
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ। গ্রীষ্মকালে সানবার্ন, হিটস্ট্রোক কিংবা ডিহাইড্রেশনের মতো সমস্যা এড়াতে জন্মছকে বুধের অবস্থান মজবুত হওয়া অত্যন্ত প্রয়োজন। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের এই চড়া রোদে বুধকে বলীয়ান করতে জ্যোতিষবিদরা বেশি করে শশা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি, শরীর ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল খাবার খাওয়া উচিত। জলীয় উপাদান সমৃদ্ধ খাবার বেশি খেলে চন্দ্রের অবস্থানও মজবুত হয়। আর চন্দ্র ও বুধ — দুই গ্রহই যদি শুভ ফল দিতে শুরু করে, তবে সূর্যের শত চোখরাঙানিও আপনাকে কাবু করতে পারবে না।
প্রকৃতির এই রুদ্ররূপের মাঝে নিজেকে সুস্থ ও সতেজ রাখতে শাস্ত্রে কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে —
খাদ্যাভ্যাস: শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ও ডিহাইড্রেশন রুখতে নিয়মিত পর্যাপ্ত জল এবং ফলের রস বা ওআরএস পান করুন।
পোশাকের রঙ নির্বাচন: গরমের দিনে যতটা সম্ভব লাল রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে সাদা, হালকা আকাশি বা সুতির হালকা রঙের জামাকাপড় বেশি ব্যবহার করুন।
দান-ধ্যান: মঙ্গলের অশুভ প্রভাব কাটাতে এই সময়ে মসুর ডাল, লাল রঙের পোশাক কিংবা লাল মিষ্টি অভাবী মানুষকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
স্নানের নিয়ম: গরমের তীব্রতা থেকে শরীরকে রক্ষা করতে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান সেরে নেওয়ার অভ্যাস করুন।
বিশেষ প্রতিকার: শাস্ত্রীয় মতে, ময়দা বা আটা দিয়ে ব্রহ্মার মূর্তি তৈরি করে নিয়মিত তাঁর পুজো করলে গ্রীষ্মকালীন নানাবিধ শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
বিষয় : summerastrology beattheheat astrotips

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন