কলকাতা: দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিজেপি কিংবা কংগ্রেস নয়, এই মুহূর্তে আমজনতা থেকে শুরু করে খ্যাতনামা ব্যক্তিত্বদের একাংশের নতুন ভরসার জায়গা হয়ে উঠেছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)! হ্যাঁ, ঠিকই শুনছেন। জেন জি বা নতুন প্রজন্মের হাত ধরে শুরু হওয়া সম্পূর্ণ প্রতীকী ও ব্যঙ্গাত্মক এই ‘আরশোলা দলে’ এবার নাম লেখালেন বলিউডের প্রথম সারির পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা এবং প্রখ্যাত কৌতুকশিল্পী কুণাল কামরা। আত্মপ্রকাশের মাত্র পাঁচদিনের মধ্যেই এই ভার্চুয়াল দলের জনপ্রিয়তা যে কোনও মূল ধারার রাজনৈতিক দলকেও রীতিমতো টেক্কা দিচ্ছে।
আসলে এটি কোনও বাস্তব রাজনৈতিক দল নয়, বরং নেটদুনিয়ায় এক অভিনব প্রতীকী প্রতিবাদ। ঘটনার সূত্রপাত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে। একটি মামলার শুনানির সময় তিনি মন্তব্য করেছিলেন, দেশের বেকার তরুণ-তরুণীদের একাংশ সামাজিক মাধ্যমে ‘আরশোলার মতো’ আচরণ করেন। প্রধান বিচারপতির এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। তারই পালটা প্রতিবাদ হিসেবে ৩০ বছর বয়সী বোস্টন ইউনিভার্সিটির স্নাতক তথা রাজনৈতিক প্রচার কৌশলবিদ অভিজিৎ দীপক গত ১৬ মে ইন্টারনেটে জন্ম দেন এই ‘ককরোচ জনতা পার্টি’-র। নিজেদের ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে দাবি করা এই দলের ম্যানিফেস্টো বা ইস্তাহারে রয়েছে মহিলাদের ৫০ শতাংশ আসন সংরক্ষণ এবং অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজ্যসভার আসন পাওয়ার ওপর নিষেধাজ্ঞার মতো একগুচ্ছ চটকদার দাবি।
আর, এই বিদ্রূপাত্মক রাজনৈতিক লড়াইয়েই এবার শামিল হয়েছেন বিনোদন জগতের তারকারা। ইনস্টাগ্রামে এই দলের অফিশিয়াল হ্যান্ডেলটি ফলো বা অনুসরণ করতে দেখা গেছে অনুরাগ কাশ্যপ, দিয়া মির্জা, কঙ্কনা সেন শর্মা, এষা গুপ্তা, ফতিমা সানা শেখ, পরিচালক কুণাল কোহলির মতো বিশিষ্টদের। শুধু টিনসেল টাউনই নয়, রাজনৈতিক মহলের পরিচিত মুখ তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কীর্তি আজাদ এবং মহুয়া মৈত্রও এই মজাদার দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনের ঝড় এতটাই তীব্র যে বৃহস্পতিবার দুপুরের পরিসংখ্যান অনুযায়ী ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা প্রায় ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লক্ষ ছুঁয়ে ফেলেছে। মাত্র পাঁচদিনে জনপ্রিয়তার নিরিখে তারা অনেক পুরনো রাজনৈতিক দলের অফিশিয়াল হ্যান্ডেলকেও পিছনে ফেলে দিয়েছে। ওটিটি দুনিয়ার নামী ক্রিয়েটর থেকে শুরু করে রূপালি পর্দার তারকারা এই আরশোলা ব্রিগেডের সদস্য হওয়ায়, নেটপাড়ার এই ব্যঙ্গচিত্র এখন জাতীয়স্তরের এক সামাজিক চর্চার বিষয়ে পরিণত হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন