ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ওলটপালট হয়ে গেল সমস্ত রাজনৈতিক সমীকরণ! ভোটের ময়দান থেকে তৃণমূলের দাপুটে প্রার্থী তথা ‘ভাইপোর পুষ্পা’ জাহাঙ্গির খান আচমকা রণে ভঙ্গ দিতেই, সেই সুযোগ লুফে নিল কংগ্রেস! তৃণমূলের ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে এবার সরাসরি ময়দানে নেমে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক বিশেষ ভিডিয়ো বার্তায় শাসকদলের কর্মীদের উদ্দেশে ‘হাত’ বাড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট দাবি করলেন, "রাজ্যে বিজেপিকে হারাতে এবং রুখতে একমাত্র কংগ্রেসই পারে।"
মঙ্গলবারই ছিল ফলতা পুনর্নির্বাচনের প্রচারের শেষ দিন। একদিকে যখন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২৫ কিলোমিটার দীর্ঘ মেগা রোড-শো করে ঝড় তুলছেন, ঠিক তখনই লাইমলাইট কেড়ে নেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতেই ভিডিয়ো বার্তায় শুভঙ্কর বলেন, "তৃণমূল সমর্থকদের বলব, যাঁরা অনেক অত্যাচার সহ্য করেছেন — আপনাদের নেতৃত্বরা বারবার আপনাদের অন্যায়ের মধ্যে ঠেলে দিয়েছে। এবার বাংলার উন্নয়নের স্বার্থে এবং সঠিক বিজেপিবিরোধী শক্তি হিসাবে কংগ্রেসের প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লাকে সমর্থন করুন। সকলে হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেসের প্রতিনিধিকে বিধানসভায় পাঠান।"
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই ফলতার ‘ডাকাবুকো’ নেতা জাহাঙ্গির খানকে নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা ছিল তুঙ্গে। এই স্পর্শকাতর এলাকায় ভোট পরিচালনার জন্য উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস তথা ‘সিংহম’ অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় পুলিশি অভিযানের মুখে দাঁড়িয়েও জাহাঙ্গির বুক চিতিয়ে ফিল্মি কায়দায় হুঙ্কার দিয়েছিলেন, "পুষ্পা ঝুঁকেগা নেহি!"
কিন্তু ৪ মে রাজ্যে ক্ষমতা বদলের পর রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। গেরুয়া ঝড়ে তৃণমূল পর্যুদস্ত হতেই একের পর এক মামলায় নাম জড়ায় জাহাঙ্গিরের। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচও নেন তিনি। এরপর মঙ্গলবার কার্যত অসহায় আত্মসমর্পণ করে ভোটের লড়াই থেকে দূরে সরে যান তিনি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের পরিবর্তনের হাওয়া দেখেই লড়ার আগে মাঠ ছাড়লেন জাহাঙ্গির।
তৃণমূল প্রার্থী ময়দান ছাড়লেও ইভিএমে তাঁর নাম থাকছে। তবে, জাহাঙ্গির নিজে থেকেই প্রচার ও লড়াই বন্ধ করে দেওয়ায় ফলতার ভোট কাটাকুটির অঙ্কে বড় বদল আসতে চলেছে। তৃণমূলের একটা বড় অংশের ভোট এখন কোন দিকে যাবে — শুভেন্দু অধিকারীর ঘোষিত ‘স্পেশ্যাল প্যাকেজ’-এর দিকে, নাকি শুভঙ্কর সরকারের ‘বিজেপিবিরোধী’ ডাকের দিকে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন