কলকাতা: চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় থাকা রাজ্যবাসীর জন্য অবশেষে জোড়া সুখবর শোনাল আবহাওয়া দফতর। একদিকে যখন তীব্র গরমে ও গুমোটে নাজেহাল দশা আমজনতার, ঠিক তখনই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেলেই দক্ষিণবঙ্গের বুকে ধেয়ে আসতে পারে মরসুমের অন্যতম শক্তিশালী কালবৈশাখী ঝড়, আর সঙ্গে থাকবে স্বস্তির বৃষ্টি।
ইতিমধ্যেই নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া মোরগ এও স্পষ্ট করে দিয়েছে যে, এই ঝড়-বৃষ্টিতে সাময়িক ঠান্ডা মিললেও আগামী সাতদিন কিন্তু গরম ও অস্বস্তিকর পরিবেশ পুরোপুরি কাটছে না। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রির ঘরে থাকলেও, পশ্চিমের জেলাগুলিতে পারদ ফের ৪০ ডিগ্রি ছুঁতে পারে।
দক্ষিণবঙ্গে যখন সাময়িক স্বস্তির পূর্বাভাস, তখন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একেবারে বর্ষার আমেজ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইবে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। এরই মাঝে দিল্লির মৌসম ভবন দেশবাসীর জন্য নিয়ে এসেছে আরও বড় চমক।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে গুছিয়ে বসার পর, এবার নির্ধারিত সময়ের প্রায় ৬ দিন আগেই, অর্থাৎ আগামী ২৬ মে কেরলে আছড়ে পড়তে চলেছে বর্ষা। সাধারণত বঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৮ থেকে ১০ জুন। এখন প্রশ্ন হচ্ছে, কেরলে সময়ের আগে বর্ষা ঢুকে পড়ায় বাংলাতেও কি এবার নির্দিষ্ট সময়ের আগেই জুনের প্রথম সপ্তাহে বর্ষার আগমন ঘটবে? আলিপুর অবশ্য এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি, তবে কেরলে আগেভাগে বর্ষার এন্ট্রি বঙ্গে দ্রুত বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি করছে বলেই মনে করছেন আবহবিদরা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন