বিষ্ণুপুর: ভোটের ফলপ্রকাশের পরেই যেন ওলটপালট হয়ে গেল সব সমীকরণ। পৈলানের রিসর্টের মতো বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে এখন কার্যত ‘বেপাত্তা’ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দাপুটে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তাঁকে যখন পুলিশ হন্যে হয়ে খুঁজছে, ঠিক তখনই এক চরম নাটকীয় মোড়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হলেন বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল। রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা যৌথভাবে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় এক মেগা অপারেশন চালিয়ে বিধায়কপুত্র-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং তাদের বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনার সূত্রপাত ভোটের ফলপ্রকাশের পর সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বিধায়কের একটি বিতর্কিত ভিডিও ঘিরে, যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম... আর তা হবে না” এবং সেখানে প্রকাশ্যেই বিজেপিকে হুমকির সুর দেওয়া হয়। এই ভিডিওর জেরে বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হতেই গত বৃহস্পতিবার পৈলানে তাঁর বাড়িতে পুলিশ ও র্যাফ যৌথ তল্লাশি চালায়।
আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে চোখ কপালে তোলার মতো সব তথ্য। বিধায়কের সেই বিলাসবহুল প্রাসাদে দামি গাড়ির মেলা, সুইমিং পুল, দামি কাঠের আসবাব তো বটেই, এমনকি একটি গোপন ‘গুহা’র হদিশও পায় পুলিশ—যা দেখে তাজ্জব বনে যান খোদ তদন্তকারীরা। এর আগে শিবপুরের তৃণমূল নেতা মহম্মদ শামিমের বাড়িতেও এমন গোপন সুড়ঙ্গ ও প্রাসাদের হদিশ মিলেছিল, এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল বিষ্ণুপুরে। আপাতত এই রাজকীয় তল্লাশির পর থেকেই এলাকাছাড়া বিধায়ক দিলীপ মণ্ডল, আর তাঁর খোঁজে জেলাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন