কলকাতা: আর জি কর কাণ্ডে সত্য গোপনের অভিযোগে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু, এই ‘অ্যাকশন’ নিয়ে কী ভাবছে অভয়ার পরিবার? শুক্রবার মুখ্যমন্ত্রীর এই সাহসী পদক্ষেপের পর মুখ খুললেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের সাফ কথা, এটি কেবল শুরু! আসল অপরাধীদের আড়াল করার দিন এবার শেষ হতে চলেছে!
শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অভয়ার বাবা শেখর দেবনাথ আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা বারবার বলেছিলাম যে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। আইনের রক্ষকরা যেন ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না পায়, আজ মুখ্যমন্ত্রী সেই দৃষ্টান্তই স্থাপন করে দিলেন।” পারিবারিক সূত্রের খবর, নতুন সরকারের এই তৎপরতায় মেয়ের সুবিচার পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন তাঁরা।
অভয়ার মা তথা পানিহাটির বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সরাসরি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দাবি করেছেন, এটি বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ মাত্র। তাঁর বিস্ফোরক মন্তব্য, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এবার আরও অনেকে গ্রেফতার হবে।”
উল্লেখ্য, ভোটের প্রচারে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ কথা দিয়েছিলেন যে ক্ষমতায় এলে আর জি করের ফাইল নতুন করে খোলা হবে। সেই প্রতিশ্রুতি মেনেই তদন্তের স্বার্থে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু।
শুধু অভয়ার পরিবার নয়, এই পদক্ষেপে আশার আলো দেখছেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতও। তাঁর মতে, “রাজ্য সরকার চাইলে সব করতে পারে। সত্য সামনে আসার ক্ষেত্রে আর কোনও অন্তরায় থাকল না।”
তৎকালীন পুলিশ আধিকারিকরা কার নির্দেশে অভয়ার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন এবং কেন তথ্য গোপন করেছিলেন — তা খতিয়ে দেখতে শুভেন্দুর এই ‘জিরো টলারেন্স’ নীতি অভয়া কাণ্ডে বড় কোনও মোড় আনে কিনা, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন