কলকাতা: প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তার রেশ কাটতে না কাটতেই সাধারণ মানুষের পকেটে টান! এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শুধু তাই নয়, পাল্লা দিয়ে মহার্ঘ হয়েছে সিএনজি-ও। শুক্রবার থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে এই বর্ধিত মূল্য। আর এর ফলে তিলোত্তমা কলকাতায় এখন এক লিটার পেট্রোল কিনতে আমজনতাকে গুনতে হচ্ছে ১০৮ টাকা ৭৪ পয়সা। পাল্লা দিয়ে ডিজেলের দামও পৌঁছেছে ৯৫ টাকা ১৩ পয়সায়। জ্বালানির এই দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের।
মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং আমদানি খরচ বৃদ্ধি পাওয়াকেই এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই লোকসান এড়াতে দাম বাড়ানোর আর্জি জানিয়ে আসছিল। দীর্ঘ ১১ মাস পর খুচরো বাজারে এই বড়সড় পরিবর্তন এল। রাজধানীর বুকেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭.৭৭ টাকা এবং ৯০.৬৭ টাকা। মুম্বই ও চেন্নাইয়ের ছবিটাও তথৈবচ। গাড়ির জ্বালানির পাশাপাশি রান্না বা পরিবহণে ব্যবহৃত সিএনজি-র দাম দিল্লিতে কেজিতে ২ টাকা বেড়ে ৮৭ টাকায় ঠেকেছে। কাকতালীয়ভাবে, চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন মিটতেই জ্বালানির এই দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাঁচাতে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনের ডাক, অন্যদিকে এই রেকর্ড মূল্যবৃদ্ধি— দুইয়ে মিলে বাজারের পারদ এখন ঊর্ধ্বমুখী।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন