কলকাতা: তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে আবারও পুরনো ফর্মেই ফিরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দলের ‘মুখ্যসচেতক’ (Chief Whip) পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে সেই দায়িত্বে কল্যাণকে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের অগস্ট মাসে দলের অভ্যন্তরীণ কিছু টানাপোড়েনের জেরে মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মাত্র ন’মাসের মধ্যেই সেই গুরুত্বপূর্ণ পদে ফিরলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, গত কয়েক মাসে এসআইআর (SIR) মামলা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে হাইকোর্টে দলের হয়ে আইনি লড়াইয়ে কল্যাণের সক্রিয় ভূমিকার কথা মাথায় রেখেই এই ‘পুরস্কার’ দিলেন মমতা। এদিনের বৈঠকে মমতার মুখে শোনা গিয়েছে কল্যাণের ভূয়সী প্রশংসা।
সদ্যসমাপ্ত বিধানসভার নির্বাচনী ফলাফলের নিরিখে বারাসত (কাকলি ঘোষ দস্তিদার) এবং শ্রীরামপুর (সাংসদ - কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়) — উভয় লোকসভাই প্রায় একই অবস্থানে রয়েছে। শ্রীরামপুরের সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে তৃণমূল পিছিয়ে থাকলেও কল্যাণের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দল। অন্যদিকে, রাজনৈতিক সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের কিছু সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছিল। পাশাপাশি, কল্যাণের পুত্র শীর্ষণ্য পরাজিত হয়েও যেভাবে দলের আইনি কাজে সহযোগিতা করেছেন, তাও সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সাংসদদের ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন। অভিষেক অভিযোগ করেছেন, সিআরপিএফ-এর পোশাক পরে বহিরাগতরা রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে পরাজয়ের গ্লানি ভুলে অবিলম্বে নিজের নিজের সংসদীয় এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়েছেন, এই সময় ‘বেঁধে বেঁধে’ থাকাই দলের প্রধান লক্ষ্য।
একই সঙ্গে তৃণমূলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি এবং ভোট পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে দিল্লির দরবারে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গেও আলোচনা শুরু করতে চলেছে ঘাসফুল শিবির।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন