কলকাতা: বিধানসভার অলিন্দে তখন সবেমাত্র শেষ হয়েছে নতুন বিধায়কদের শপথগ্রহণ পর্ব। ঠিক সেই মুহূর্তেই এক সময়ের দুই সতীর্থের সাক্ষাৎ ঘিরে দানা বাঁধল তীব্র জল্পনা। বর্তমানে রাজনীতির ময়দানে দুই ভিন্ন শিবিরের দুই দাপুটে মুখ— তৃণমূলের মদন মিত্র এবং বিজেপির অর্জুন সিং।
তবে বুধবার বিধানসভা চত্বরে অর্জুনের একটি মন্তব্য রাজ্য রাজনীতির সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। সাংবাদিকদের সামনে হাসিমুখে অর্জুন সিং দাবি করে বসলেন, "যেকোনো মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন।" পাশে দাঁড়িয়ে থাকা কামারহাটির বিধায়কের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে অর্জুনের টিপ্পনী, "কী দাদা?" এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘ও লাভলি’ বলে সেখান থেকে প্রস্থান করেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক।
অর্জুনের এই বিস্ফোরক মন্তব্যের মুখে অবশ্য কোনো প্রতিবাদ বা পালটা প্রতিক্রিয়া দেননি তৃণমূলের অন্যতম ‘রঙিন’ নেতা মদন মিত্র। বরং হাসিমুখে অর্জুনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। এর আগেই বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র নিজের বিষণ্ণতার কথা প্রকাশ করেন। তিনি বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার সেই আবহের সঙ্গে বর্তমানের কোনো মিল নেই।
সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের অভাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়হীন বিধানসভা দেখে তিনি ব্যক্তিগত ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত মদন মিত্র কি তবে সত্যিই এবার শিবির বদলাবেন? ২৬-এর ভোটের ভরাডুবির পরও দলের পাশে থাকার অঙ্গীকার করা এই নেতার নীরবতা এবং অর্জুনের এই চপল মন্তব্য ঘিরে এখন সরগরম টলিপাড়া থেকে কালীঘাট।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন