কলকাতা: আর জি কর কাণ্ডে বিচার পাওয়ার লড়াইয়ে এবার আরও আক্রমণাত্মক মেজাজে নির্যাতিতার মা তথা পানিহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। মঙ্গলবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ মোট তিনজনের দ্রুত গ্রেফতারি দাবি করেছেন। ভোট মিটতেই এই আইনি পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
নির্যাতিতার মা এদিন নির্মল ঘোষ ছাড়া আরও যে দু’জনের গ্রেফতারি চেয়েছেন, তাঁরা হলেন সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে। আর জি কর কাণ্ডের শুরুর দিন থেকেই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে নির্যাতিতার দেহ সৎকারের সময় শ্মশানে তাঁর ‘অতি সক্রিয়তা’ এবং সিবিআই তলব ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। অন্যদিকে, সঞ্জীব মুখোপাধ্যায়ও পানিহাটির বাসিন্দা এবং নির্যাতিতার দেহ দাহ করার নথিতে তাঁর সই ছিল বলে জানা গিয়েছে। সঞ্জীব একসময় বাম রাজনীতির সাথে যুক্ত থাকলেও ২০১৯ সালে তৃণমূলে যোগ দেন।
এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তথা নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে প্রায় ২৯ হাজার ভোটে পরাজিত করেছেন রত্না। নির্বাচনী প্রচারের সময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানিহাটিতে এসে আর জি কর সংক্রান্ত ‘ফাইল খোলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে জয়ের পর নিজের শপথ পূরণ করতেই নির্যাতিতার মা এই আইনি তৎপরতা শুরু করলেন কিনা, সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
শিয়ালদহ নিম্ন আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রকৃত দোষী ও ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা হয়েছে শুরু থেকেই। এখন আদালতের নির্দেশে এই তিনজনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হয় কি না, সেটাই দেখার।
#RGKarUpdate #JusticeForAbhaya #WestBengalPolitics #NirmalGhosh #PanihatiNews #KolkataCourt #HiddenStoriesNews

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন