চেন্নাই: তামিলনাড়ুর রাজনীতির নতুন ‘থলপথি’ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ইনস্টাগ্রাম রিল ঘিরে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। রবিবার বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুলের উপস্থিতি এবং তাঁদের বন্ধুত্বের মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিয়ো রিল ব্লক করে দেওয়া কেন্দ্র করে কেন্দ্র-কংগ্রেস সংঘাত চরমে উঠল। কংগ্রেসের সরাসরি অভিযোগ, জনপ্রিয়তায় ভয় পেয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই হস্তক্ষেপ করা হয়েছে।
রবিবার দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। তাঁর দল TVK-র জোটসঙ্গী হিসাবে সেখানে হাজির ছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল থেকে তাঁদের সাক্ষাতের দৃশ্য নিয়ে একটি রিল পোস্ট করা হয়। কংগ্রেস নেতা শ্রীভাৎসার দাবি, মাত্র এক ঘণ্টারও কম সময়ে রিলটি ১ কোটি ২০ লক্ষ ভিউ পায় এবং একটি ছবি প্রায় ৪ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু, এরপর হঠাৎই দেখা যায় পোস্টটি ‘ব্লক’ করা হয়েছে!
পোস্টটি ব্লক হওয়ার পর সেখানে ‘restricted due to legal requirements’—এমন বার্তা দেখা যাচ্ছিল। কংগ্রেসের দাবি, তামিলনাড়ুতে বিজয়ের রাজকীয় উত্থান এবং রাহুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই, ডিজিটাল প্ল্যাটফর্মের উপর চাপ সৃষ্টি করে বিরোধীদের রিচ কমানোর চেষ্টা করছে মোদী সরকার। শ্রীভাৎসার আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাহুল গান্ধীর এক্স (টুইটার), ইউটিউব ও ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা নিয়ন্ত্রণে কলকাঠি নাড়ছে কেন্দ্র।
বিতর্ক বাড়তে দেখে আসরে নামে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়, ওই রিল সরাতে সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইনস্টাগ্রাম তাদের নিজস্ব নীতি বা টেকনিক্যাল কারণে এটি করতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইনস্টাগ্রামের অভ্যন্তরীণ সিস্টেম ভুলবশত পোস্টটিকে ব্লক করেছিল। যা পরে আবার পুনরুদ্ধার করা হয়েছে।
ঘটনাটি কেন্দ্র বনাম বিরোধীদের ডিজিটাল যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে। কংগ্রেস যখন এটিকে ‘অনৈতিক হস্তক্ষেপ’ বলছে, তখন মন্ত্রকের দাবি এটি একটি যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছুই নয়। তবে, ব্লক হওয়ার আগে ভিডিয়ো রিলটির অভাবনীয় ভিউ প্রমাণ করে দিয়েছে, বিজয়-রাহুল জুটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কতটা ‘ট্রেন্ডিং’!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন