বেঙ্গালুরু: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকে সরিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর, এবার বেঙ্গালুরুর মাটি থেকেও বাংলার সাফল্যের কাহিনি শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বেঙ্গালুরুতে এক জনসভা থেকে তিনি স্মরণ করিয়ে দেন, মাত্র ১০ বছর আগেও বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র তিন! আর আজ সেখানে ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়েছে পদ্মশিবির।
শনিবারই ব্রিগেডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে প্রধানমন্ত্রী আজ পৌঁছেছেন কর্ণাটকে। সেখান থেকে তেলঙ্গানা যাওয়ার কথা তাঁর। বেঙ্গালুরুর মঞ্চ থেকে মোদী বলেন, "পশ্চিমবঙ্গে ১০ বছর আগে আমাদের মাত্র তিনজন বিধায়ক ছিলেন। কিন্তু, আজ সেখানে ২০০ জনের বেশি বিধায়ক নিয়ে দল ক্ষমতায় এসেছে। এটা বাংলার জনশক্তির জয়।" প্রধানমন্ত্রীর মতে, বাংলার এই জয় দেশের অন্যান্য প্রান্তের বিজেপি কর্মীদের কাছে এক বিশাল অনুপ্রেরণা।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে বিজেপি। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস আটকে গিয়েছে মাত্র ৮০টি আসনে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে দেন, বাংলার মানুষের দেওয়া এই বিপুল জনসমর্থন অপশাসন থেকে মুক্তির প্রতিফলন। এদিন শুধুমাত্র বাংলা নয়, দক্ষিণ ভারতের রাজনীতি নিয়েও মুখ খোলেন তিনি। অন্ধ্রপ্রদেশে এনডিএ-র সাফল্য, পুদুচেরিতে দ্বিতীয়বার সরকার গঠন এবং তেলঙ্গানায় বিজেপির প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসার প্রসঙ্গও শোনা যায় তাঁর কণ্ঠে।
পাশাপাশি, তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এবং কেরলে সরকার গঠন নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, দেশের কোণায় কোণায় এখন মানুষ উন্নয়নের রাজনীতিকেই বেছে নিচ্ছে। শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মানুষের যে উন্মাদনা তিনি দেখেছেন, তার জন্য এদিন ফের একবার নতমস্তকে রাজ্যবাসীকে প্রণাম জানান নরেন্দ্র মোদী।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন