কলকাতা: রাজ্যে পালাবদল হতেই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। মঙ্গলবার সকালেই তিনি রাজ্যপাল আর এন রবির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পর বিজেপির নতুন সরকার গঠনের আগেই এই পদক্ষেপ করলেন তিনি।
২০২৩ সালের ডিসেম্বর মাসে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন কিশোর দত্ত। তারপর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গেই রাজ্যের আইনি লড়াই সামলাচ্ছিলেন তিনি। কিন্তু, সোমবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের চিত্র পরিষ্কার হতেই তাঁর সরে দাঁড়ানো একপ্রকার প্রত্যাশিতই ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আইনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাজ্যে সরকার পরিবর্তন হলে সাধারণত অ্যাডভোকেট জেনারেলের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের ব্যক্তিরা ইস্তফা দিয়ে থাকেন। এর কারণগুলো হল, প্রথমত - নতুন সরকারের নীতি ও আদর্শ বিদায়ী সরকারের থেকে আলাদা হয়। বিচারাধীন মামলাগুলিতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আইনি সওয়াল করতে হয়। দ্বিতীয়ত - নতুন সরকার সাধারণত তাদের বিশ্বস্ত এবং পছন্দের আইনজীবীকে এই পদে নিয়োগ করতে চায়। সেই সৌজন্য বজায় রাখতেই কিশোর দত্ত পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৬টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ৮১টি আসন। এই বিপুল জয়ের পর রাজ্য প্রশাসনে যে আমূল পরিবর্তন আসতে চলেছে, এজির ইস্তফা তারই প্রথম বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এখন দেখার, নতুন সরকারের সুপারিশে রাজভবন কার হাতে তুলে দেয় রাজ্যের আইনি অভিভাবকের ব্যাটন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন