গণনার বেলা গড়াতেই বাংলার আকাশে-বাতাসে এখন গেরুয়া আবিরের দাপট। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৩টি আসনে বিজেপি এগিয়ে যাওয়ার খবর চাউর হতেই রাজ্যের মিষ্টির দোকানগুলোতে শুরু হয়েছে অভূতপূর্ব ব্যস্ততা। পরিস্থিতি এমন যে, জয়ের আগাম প্রস্তুতি হিসেবে তৈরি রাখা ‘সবুজ’ মিষ্টির চাহিদা ছাপিয়ে গিয়েছে গেরুয়া লাড্ডু।
শিবপুরের ব্যাতাইতলার বেতাই মিষ্টান্ন ভান্ডার থেকে শুরু করে শহরের অলিগলির মিষ্টির দোকানে এখন শুধুই লাড্ডুর খোঁজ। বেলার দিকে ট্রেন্ড স্পষ্ট হতেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ে মিষ্টির হাঁড়ি নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে। ক্রেতাদের সামাল দিতে অনেক বিক্রেতা আবার রাতারাতি সাধারণ মিষ্টির ওপর ফুড কালার মিশিয়ে সেগুলোকে গেরুয়া রঙে রাঙিয়ে তুলছেন।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এবং নদীয়ার মতো জেলাগুলোতে বিজেপির জয়জয়কার শুরু হতেই লাড্ডু বিলি করার ধুম লেগেছে। খোদ কলকাতার ভবানীপুর কেন্দ্রেও একই চিত্র; যেখানে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে উল্লাসে মেতেছেন।
মিষ্টি বিক্রেতারা জানাচ্ছেন, সব দলের জন্যই তাঁরা প্রস্তুতি রেখেছিলেন ঠিকই, কিন্তু পদ্ম শিবিরের ব্যাপক লিডের কারণে লাড্ডু ও বিজেপি চিহ্ন আঁকা মিষ্টির চাহিদা একধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। বলাই বাহুল্য, ইভিএমের ফলের পাশাপাশি বাংলার মিষ্টান্ন বাজারেও এখন পরিবর্তনের স্পষ্ট হাওয়া।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন