নয়াদিল্লি: ৩ মে, ২০২৬: রবিবার ভোরবেলা যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই দিল্লির বিবেক বিহার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারতলা বাড়িতে বিধ্বংসী আগুনের গ্রাসে মৃত্যু হলো অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও দু’জন। পুলিশ ও দমকল সূত্রের প্রাথমিক অনুমান, ঘরের বাতানুকূল যন্ত্র বা এসি (AC) বিস্ফোরণের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর ৪টে নাগাদ আচমকাই বাড়িটিতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন।
দমকল কর্মীদের মতে, বাড়ির দোতলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে আটকে পড়া ১০ জনেরও বেশি বাসিন্দাকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা সম্ভব হলেও ৯ জনকে বাঁচানো যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় দু’ঘণ্টার হাড়হিম করা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিবেক বিহারের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন