কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় - বুধবার সকাল থেকেই কিছুটা হলেও উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতির ময়দান। ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরুর হতেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে বিক্ষিপ্ত অশান্তির খবর। এরই মাঝে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসাবে সামনে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তৎপরতা। ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেন শাহ।
সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের ভোট পরিস্থিতি, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ফলতার উত্তেজনা নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত কথা হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ফলতায় বিজেপি প্রার্থীর বুথে ইভিএম কারচুপি এবং অশান্তির ঘটনা নিয়ে খোদ শাহ রাজ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে কথা বলেছেন।
প্রসঙ্গত, ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে পদ্ম শিবিরের প্রতীকের উপর সেলোটেপ সাঁটিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে।
একুশের নির্বাচনে ২০০ পার করার লক্ষ্যমাত্রা থাকলেও প্রত্যাশিত সাফল্য পায়নি বিজেপি। তবে, ছাব্বিশের নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ মোদী-শাহ জুটি। সভার সংখ্যা বাড়িয়ে এবং নিবিড় জনসংযোগের মাধ্যমে এবার বাংলা দখলে মরিয়া পদ্ম শিবির। গত ২৭ এপ্রিল প্রচার সেরে দিল্লি ফিরে গেলেও, অমিত শাহ যে প্রতি মুহূর্তের খবরের উপর কড়া নজর রাখছেন, আজকের এই ফোন সেই বার্তাই স্পষ্ট করে দিচ্ছে।
অন্যদিকে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পর্যবেক্ষক অজয়পাল শর্মা ওরফে ‘সিংহম’ সকাল থেকেই সাঁজোয়া গাড়ি ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে টহল দিচ্ছেন। তা সত্ত্বেও ফলতা থেকে কালীঘাট— নানা জায়গাতেই আজ শাসক-বিরোধী সংঘাতের ছবি ধরা পড়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন