ইসলামাবাদ: লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদের আরও এক ঘনিষ্ঠকে নিকেশ করল ‘অজ্ঞাতপরিচয়’ বন্দুকবাজরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শেখ ইউসুফ আফ্রিদি নামে ওই লস্কর জঙ্গিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবারের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্রে।
পুলিশ সূত্রের খবর, খাইবার পাখতুনখোয়ার লান্ডি কোটাল এলাকায় একটি গাড়িতে করে এসে একদল দুষ্কৃতী ইউসুফকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজ সইদের এই অত্যন্ত বিশ্বস্ত জঙ্গির। ইউসুফ আফ্রিদি ওই অঞ্চলে লস্করের অন্যতম প্রধান সংগঠক ছিল। জঙ্গিদলে নতুনদের নিয়োগ এবং নাশকতামূলক কাজ সঙ্ঘবদ্ধ করার গুরুদায়িত্ব ছিল তার কাঁধে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার একটি সূত্রের দাবি, উচ্চশিক্ষিত ইউসুফের এই হত্যাকাণ্ডের নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হাত থাকতে পারে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই একইভাবে লাহোরে আক্রান্ত হয়েছিলেন লস্করের সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে গুরুতর জখম হন তিনি। ভারতের একাধিক নাশকতামূলক হামলায় নাম থাকা হামজা আমেরিকার কালো তালিকায়ও রয়েছেন। লস্কর নেতৃত্বের উপর একের পর এক এই হামলা জঙ্গি গোষ্ঠীটির অন্দরে বড়সড় ফাটল বা কোনও গোপন ছক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
খাইবার পাখতুনখোয়ায় এই ঘটনার পর সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাক পুলিশ। তবে, কোনও গোষ্ঠী এই হামলার দায় এখনও স্বীকার করেনি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন