দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজভ্যালি চিটফান্ড গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের জন্য এল বিরাট সুখবর। কলকাতা হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে মোট ১২৭.৬৯ কোটি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ইডি (ED) সূত্রের খবর, রোজভ্যালি গোষ্ঠীর বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি এবং ফ্রিজ করে রাখা ফিক্সড ডিপোজিটগুলি থেকেই এই অর্থ সংস্থান করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপকুমার শেঠের নেতৃত্বাধীন কমিটি অত্যন্ত নিখুঁতভাবে নথি যাচাইয়ের পর সরাসরি আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দিচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ইতিমধ্যেই এই খাতে ৫১৫ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে এবং পরবর্তী ধাপে আরও ৪৫০ কোটি টাকা ফেরানোর সবুজ সংকেত মিলেছে। যে সকল আমানতকারী এখনও টাকা পাননি, তাঁরা কমিটির অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের দাবির বর্তমান স্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন।
রোজভ্যালির এই সাফল্যে নতুন করে আশার আলো দেখছেন সারদা স্ক্যামে সর্বস্ব হারানো লক্ষ লক্ষ মানুষও। সারদা এবং রোজভ্যালির মতো চিটফান্ড কেলেঙ্কারি বাংলার অর্থব্যবস্থাকে যেভাবে পঙ্গু করে দিয়েছিল, তার ক্ষত আজও মেটেনি। রোজভ্যালির ক্ষেত্রে ইডি এবং অ্যাসেট ডিসপোজাল কমিটির এই সক্রিয়তা প্রমাণ করছে যে, আইনি পথে সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের ঘাম-রক্তের টাকা ফেরানো সম্ভব। সারদা-প্রতারিতদের মধ্যেও এখন এই দাবি জোরালো হচ্ছে যে, রোজভ্যালির ধাঁচেই সারদার বাজেয়াপ্ত সম্পত্তি থেকেও দ্রুত তাঁদের পাওনা মিটিয়ে দেওয়া হোক। বাংলার ইতিহাসে অন্যতম বড় এই অর্থিক প্রতারণা মামলাগুলিতে বিচার ব্যবস্থার এই তৎপরতা সাধারণ মানুষের মনে ন্যায়বিচারের ভরসা ফিরিয়ে দিচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন