নন্দীগ্রামের জমি আন্দোলনের রক্তঝরা ইতিহাস আর শহিদ পরিবারের আবেগ মিশে গেল ২০২৬-এর ভোটযুদ্ধে। সাময়িক মান-অভিমান সরিয়ে রেখে আবারও নিজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করলেন নন্দীগ্রামের শহিদ-জননী ফিরোজা বিবি। বৃহস্পতিবার বার্ধক্যজনিত অসুস্থতা উপেক্ষা করেই হুইল চেয়ারে বসে ভোট দিলেন তিনি। ভোটদানের পর স্পষ্ট জানিয়ে দিলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় কিছু অভিমান থাকলেও তিনি মনেপ্রাণে চান বাংলার মসনদে আবারও ফিরুক তাঁর প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
২০০৭ সালের ১৪ মার্চ জমি আন্দোলনে ছেলে শেখ ইমদাদুলকে হারিয়েছিলেন ফিরোজা বিবি। সেই থেকে লড়াইয়ের ময়দানে তিনি ছিলেন অবিচল। তৃণমূলের বিধায়ক হিসেবে নন্দীগ্রাম ও পশ্চিম পাঁশকুড়ায় উন্নয়নের কাজও করেছেন দীর্ঘদিন। ২০২৬-এর নির্বাচনে প্রার্থীপদ না পাওয়ায় কিছুটা আক্ষেপ থাকলেও, দলের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। তাঁর ছেলে জহিরুল ইসলামও মায়ের সুরেই জানালেন, ২০০৭ সালের সেই উত্তাল দিনগুলো থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর একমাত্র আদর্শ।
জহিরুলের কথায়, মায়ের হাত ধরেই তৃণমূলের আঙিনায় আসা এবং আজীবন সেই আদর্শেই অটল থাকতে চান তিনি। নন্দীগ্রামের এই আবেগঘন মুহূর্ত বুঝিয়ে দিল, প্রার্থী তালিকা বা পদের চেয়েও শহিদ পরিবারের কাছে মৈত্রীর বন্ধন ও নেত্রীর প্রতি আনুগত্য আজও অনেক বেশি দামী।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন