ভোটের রণডঙ্কা বাজার মাঝেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এবার কমিশনের কোপ পড়ল ‘হাইভোল্টেজ’ কেন্দ্র ভবানীপুরের তিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর। কর্তব্যে গাফিলতি এবং ডিউটি চলাকালীন অপ্রয়োজনীয় আড্ডায় মজে থাকার অভিযোগে সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দীকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ এপ্রিল রাতে ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে থাকাকালীন এই তিন আধিকারিক কোনও কারণ ছাড়াই দীর্ঘ সময় ভবানীপুর থানার সামনে বসে ছিলেন। আয়-ব্যয় পর্যবেক্ষকের আচমকা পরিদর্শনে বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পরেই জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে কড়া ব্যবস্থা নিল কমিশন।
একদিকে যখন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে অপরাধ দমনেও আরও কঠোর অবস্থান নিয়েছে কমিশন। যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের আজ মঙ্গলবারের মধ্যেই আত্মসমর্পণের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধরা না দিলে পুলিশ বাড়ি থেকে তুলে আনবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে গত ১৫ বছরের ইতিহাসের নিরিখে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর সহ আটটি জেলাকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও অবাধ ভোট করাই এখন কমিশনের কাছে প্রধান চ্যালেঞ্জ।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন