কলকাতা: ভোটের উত্তাপের মধ্যেই এবার আইনি বিপাকে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। অনুমতি না নিয়ে জোর করে আবাসনের ভিতরে ঢুকে প্রচার এবং বাধা দিলে রক্ষীদের ‘শাসানি’ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দু'টি আবাসন কর্তৃপক্ষ। পোড়খাওয়া এই প্রবীণ রাজনীতিকের বিরুদ্ধে এমন নালিশ ঘিরে মানিকতলায় শোরগোল পড়ে গিয়েছে।
ফুলবাগান থানায় দায়ের করা অভিযোগপত্রে ৩১ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের কর্তৃপক্ষ জানিয়েছে, বিজেপি প্রার্থী তাদের আবাসনের কড়া নিরাপত্তাবিধি ভেঙে দলবল নিয়ে ভিতরে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তা শোনেননি। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, বাইরের কেউ এভাবে বিনা অনুমতিতে ভিতরে ঢুকে প্রচার করতে পারেন না। যা আবাসনের সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলেছে।
অন্য একটি আবাসন কর্তৃপক্ষের দাবি আরও মারাত্মক। তাদের বক্তব্য অনুযায়ী, প্রচার করতে বাধা দেওয়ায় তাপস রায় ফোনে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত ‘অনৈতিক এবং অন্যায্য’। জোর করে ভিতরে ঢোকা এবং শাসানি দেওয়ার অভিযোগে প্রার্থীর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অভিযোগকারীরা।
নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাপস রায়। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, ‘‘মিথ্যাচারের তো কোনও উত্তর হয় না। তাই, আমি এর জবাবও দেব না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কেউ কখনও এমন অভিযোগ করতে পারেননি। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমি কোনও মন্তব্যই করব না।’’

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন