কলকাতা: ভোটের আগে ফের তপ্ত মহানগরী। রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের পর এবার খোদ মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের জোড়াফুল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ‘প্রস্তাবক’ মিরাজ শাহের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শুক্রবার সকাল থেকে এলগিন রোড, সল্টলেক ও মিডলটন স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পাহারায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর, এই ঘটনা ঘিরেই বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগে সরব হয়েছে ঘাসফুল শিবির।
এদিন সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এলগিন রোডে মিরাজ শাহের বাসভবনে হানা দেন আয়কর আধিকারিকরা। মিরাজ কেবল একজন বিশিষ্ট শিক্ষাবিদ বা ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ট্রাস্টি নন, তিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। গত ৮ এপ্রিল মমতা যখন ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন, তখন যে চারজন প্রস্তাবক তাঁর সঙ্গে ছিলেন, মিরাজ ছিলেন তাঁদের অন্যতম। এর পাশাপাশি এদিন বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়ি ও শ্বশুরবাড়িতেও দীর্ঘ তল্লাশি চলে।
এই তল্লাশি অভিযানের খবর পেতেই কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে সুর চড়ান তৃণমূলনেত্রী। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির বড়-বড় নেতারা জেড প্লাস নিরাপত্তা আর ২০-২৫ জন সেন্ট্রাল ফোর্স (ফোর্সের সদস্যকে) নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা সব হরিদাস! কেউ এদের দিকে তাকিয়েও দেখে না। তাই, ফোর্স নিয়ে গুন্ডামি করছে। ক’টা বিজেপি নেতার বাড়িতে তল্লাশি হয়েছে, আমি জানতে চাই।”
মমতার অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি - সবকিছুকেই ভোট জেতার স্বার্থে ব্যবহার করছে বিজেপি। যদিও নিরাপত্তা প্রত্যাহার এবং তল্লাশি নিয়ে বৈষম্যের যে অভিযোগ তিনি তুলেছেন, তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্বও।
উল্লেখ্য, দেবাশিস কুমারকে এর আগে ইডি তলব করেছিল। শুক্রবারের তল্লাশি অভিযানের ব্যাপ্তি দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের ঠিক আগে দক্ষিণ কলকাতার তৃণমূল নেটওয়ার্ককে চাপে রাখতেই এই কৌশল। মিডলটন স্ট্রিট এবং সল্টলেকের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও এদিন দফায় দফায় তল্লাশি চালানো হয়।
ভোটের প্রচার ছেড়ে যখন প্রার্থীরা কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি, তখন সাধারণ মানুষের রায় কোন দিকে যায়, সেটাই এখন দেখার। তবে ‘প্রস্তাবক’-এর বাড়িতে হানা যে তৃণমূল সুপ্রিমোকে ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তা তাঁর রণংদেহি মেজাজেই স্পষ্ট।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন