কলকাতা: ছোট পর্দার দর্শকদের জন্য মন খারাপের খবর। এবার পর্দার আড়ালে চলে যাচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘দাদামণি’। চার বোন আর তাঁদের আগলে রাখা দাদা সোমের সেই টানটান সম্পর্কের রসায়ন এবার পৌঁছল অন্তিম লগ্নে। মাত্র ন-মাসের যাত্রাপথে ইতি টেনে স্টুডিয়ো পাড়ায় এখন শুধুই যেন বিচ্ছেদের সুর!
চলতি মাসের ১১ তারিখ ছিল সিরিয়ালটির শেষ দিনের শ্যুটিং। কাজের শেষ লগ্নে ক্যামেরার পিছনে ধরা পড়ল এক অন্য ছবি। গত বছরের ৭ জুলাই থেকে শুরু হওয়া এই পথচলায় কলাকুশলীরা একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছিলেন। শেষ শটটি ‘ওকে’ হওয়ার সঙ্গে-সঙ্গেই আর আবেগ ধরে রাখতে পারেননি কেউ! প্রধান চরিত্র সোম ওরফে প্রতীক সেন থেকে শুরু করে তাঁর চার বোন - কৃত্তিকা, শুভশ্রী, উজানী ও সুচন্দ্রা - প্রত্যেকের চোখেই ছিল জল। এমনকী, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ও তাঁর ‘পর্দার মেয়েদের’ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
জি বাংলার পর্দায় শুরু থেকেই সোমের নিঃস্বার্থ ভালোবাসার গল্প দর্শকদের মন কেড়েছিল। তবে, সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকায় ধারাবাহিকটি আশানুরূপ ফল করতে পারছিল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাজারে পিছিয়ে পড়ায় শেষ পর্যন্ত নিনি চিনিস মাম্মা প্রোডাকশন হাউসের এই মেগা সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।
সোম কি শেষ পর্যন্ত তাঁর বোনেদের সম্পূর্ণ নিরাপদ জায়গায় রেখে যেতে পারবে? তাঁদের সম্পর্কের সমীকরণ কোন পরিণতির দিকে এগোবে? এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী ১৭ তারিখ। ওই দিনই টেলিভিশনের পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে ‘দাদামণি’র অন্তিম পর্ব।
ফেলে আসা স্মৃতি আর ভাঙা-গড়ার গল্প নিয়ে 'দাদামণি' পরিবার এখন বিদায়ের ক্ষণ গুনছে। প্রিয় চরিত্রদের শেষবার পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র অনুভূতি।
বিষয় : zeebangla dadamoni serial pratiksen lastepisode

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন