নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের মুখে হুমায়ুন কবীরের বিতর্কিত ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই ইস্যুতে পালটা আসরে নামল হুমায়ুন কবীরের দল 'আম জনতা উন্নয়ন পার্টি'। রবিবার দলের পক্ষ থেকে মুখপাত্র কামাল হোসেন এক সাংবাদিক বৈঠক করে সাফ জানান, যে ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘কাট-ছাঁট’ করা বা এডিট করা। খুব শীঘ্রই এই ভিডিওর সম্পূর্ণ অংশ জনসমক্ষে আনা হবে বলে দাবি করেছে তারা।
দলের মুখপাত্রের দাবি, এই ভিডিওটি আসলে ২০২৫ সালের ১৯ ডিসেম্বরের। কিন্তু দীর্ঘ সময় পর নির্বাচনের প্রাক্কালে অর্থাৎ ৮ এপ্রিল কেন এটি পোস্ট করা হলো, তা নিয়ে অভিসন্ধির প্রশ্ন তুলেছেন তিনি। যে ফেসবুক আইডি থেকে প্রথম এটি পোস্ট করা হয়, সেই আইডির বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশন-সহ একাধিক জায়গায় অভিযোগ জানানো হয়েছে। কামাল হোসেনের অভিযোগ, "হুমায়ুন কবীর শাসকদলের ঘুম উড়িয়ে দিয়েছেন, তাই তাঁকে হেনস্থা করতে ভিডিওটি এডিট করে বাজারে ছাড়া হয়েছে।" ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য সেটিকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হুমায়ুন কবীরের দল।
উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে হুমায়ুন কবীরকে বিজেপি নেতাদের সঙ্গে যোগসূত্র নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। সেখানে নীতিশ কুমারের প্রসঙ্গ টেনে টাকার লেনদেন এবং শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়ার প্রস্তাবের মতো চাঞ্চল্যকর কথোপকথন শোনা যায়। যদিও হুমায়ুন কবীর নিজে প্রথম থেকেই এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন। তাঁর দলের দাবি, যেদিন ভিডিওটি শ্যুট হয়েছিল, শাসকদল তখনই কেন তা সামনে আনেনি? এই বিতর্কের জল এখন কতদূর গড়ায় এবং ফরেন্সিক রিপোর্টে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন