কলকাতা: বঙ্গজয়ের লক্ষ্যে ‘শাহী’ সংকল্পপত্র প্রকাশের দিনই দিল্লিকে নজিরবিহীন আক্রমণে বিদ্ধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং চিন্ময় প্রভুর উপর অত্যাচার নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার বিকেলে তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিষেক প্রশ্ন তোলেন, "শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কোন শিল্পপতিকে বাঁচাতে তাঁকে আশ্রয় দিয়েছে মোদী সরকার?"
এদিন অমিত শাহের বক্তব্যের পাল্টা অভিষেক বলেন, শাহের ভাষণ থেকে স্পষ্ট যে বিজেপি বাংলাকে দিল্লি ও গুজরাত থেকে পরিচালনা করতে চায়। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা টানার তীব্র বিরোধিতা করে অভিষেক প্রশ্ন তোলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কী করছেন? তাঁকে আশ্রয় দেওয়ার পিছনে ভারতের কোন বড় শিল্পপতির স্বার্থ জড়িয়ে রয়েছে? কেন্দ্রের বিজেপি সরকার কেন বাংলা এবং বাংলাদেশিদের এক করে দেখছে?
বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে অভিষেক দিল্লিকে কাঠগড়ায় তোলেন। তাঁর প্রশ্ন, "যখন চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হচ্ছিল। যখন সাধু-সন্তদের উপর হামলা হচ্ছিল, তখন মোদী সরকার কী ভূমিকা নিয়েছে?" তিনি আরও অভিযোগ করেন, এসআইআর তালিকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার ভয় দেখালেও আসলে দেখা গিয়েছে বাদ পড়া ব্যক্তিদের অধিকাংশই হিন্দু বাঙালি।
অভিষেক স্পষ্ট জানান, বাংলা ভাষার ভিত্তিতে মানুষকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ভিনরাজ্যে শ্রমিকদের উপর অত্যাচার করছে বিজেপি। শাহের সংকল্পপত্রকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ কখনওই দিল্লি বা গুজরাতের শাসন মেনে নেবে না।
ভোটের মুখে যখন বিজেপি অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করছে, তখন পাল্টা শেখ হাসিনার আশ্রয় এবং বাংলাদেশি হিন্দুদের উপর হওয়া অত্যাচারের ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করাই যে তৃণমূলের প্রধান রণকৌশল, তা অভিষেকের এদিনের বক্তব্যেই পরিষ্কার।
বিষয় : AbhishekBanerjee amitshah sheikhhasina

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন