ভোটের উত্তাপের মাঝেই রেশন দুর্নীতি মামলায় ফের বাংলায় বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার হাবড়া, বনগাঁ এবং মুর্শিদাবাদ-সহ রাজ্যের মোট ১৫টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এবারের তদন্তের মূলে উঠে এসেছে রেশনের গম সরাসরি বাংলাদেশে পাচার করার এক চাঞ্চল্যকর অভিযোগ।
ইডির দাবি, সরকার থেকে আটা মিলগুলিতে রেশনের আটা তৈরির জন্য যে গম পাঠানো হত, তার একটি বড় অংশ বস্তা বদলে পাচার করে দেওয়া হত বাংলাদেশে। উত্তর ২৪ পরগনায় দায়ের হওয়া একটি এফআইআর-এর সূত্র ধরেই এই তদন্তে নামে ইডি। তদন্তকারীদের নজরে রয়েছেন ১২ জনেরও বেশি রফতানিকারক এবং বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব।
কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকার একাধিক অফিস বর্তমানে ইডির ঘেরাটোপে। বিশেষ করে পোদ্দার কোর্টের একটি ফুড প্রোডাক্ট সংস্থার অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে চলছে জোরদার তল্লাশি। একই ঠিকানায় থাকা একাধিক অফিসের লেনদেন খতিয়ে দেখছেন আধিকারিকরা।
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর রেশন মামলা কিছুটা থিতু হলেও, গম পাচারের এই নতুন তথ্য সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। কেন্দ্রীয় সংস্থা খতিয়ে দেখছে এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এই পাচারের লভ্যাংশ ঠিক কাদের পকেটে যেত।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন