বর্ষা আসার আগেই প্রকৃতির রুদ্ররূপে কার্যত বিপর্যস্ত উত্তর সিকিম। লাচেন ও চুংথাং সংযোগকারী রাস্তার একটি বড় অংশ ধসে যাওয়ায় পাহাড়ের কোলে আটকে পড়েছেন প্রায় ৮০০ পর্যটক, যাঁদের মধ্যে বাংলার বহু মানুষ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তারুম চু ব্রিজের কাছে রাস্তাটি ভয়াবহভাবে ভেঙে পড়ায় মঙ্গন জেলার সঙ্গে লাচেনের যোগাযোগ বর্তমানে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা প্রশাসন পর্যটকদের আপাতত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে এবং রাতের বেলা যাতায়াতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ধস ও প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের সুরক্ষাই এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
তবে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কোমর বেঁধে নেমেছে সিকিম প্রশাসন। সোমবার সকাল থেকেই আবহাওয়া অনুকূল থাকলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতীয় সেনা, আইটিবিপি (ITBP), বিআরও (BRO) এবং স্থানীয় পুলিশ একযোগে রাস্তা মেরামত ও বরফ সরানোর কাজ চালাচ্ছে। লাচেন থেকে ডংকিয়া লা ও লাচুং হয়ে পর্যটকদের গ্যাংটকে ফিরিয়ে আনার বিকল্প পথটিও খতিয়ে দেখা হচ্ছে।
জরুরি প্রয়োজনে পর্যটক ও তাঁদের পরিবারের জন্য প্রশাসন হেল্পলাইন নম্বর (৯৯০৭৯৫৬৭০৫ / ০৩৫৯২২৮১০০৭) চালু করেছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে সকলকে শান্ত থেকে সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন