দিঘা: ভোটের ডিউটি করতে এসে আর বাড়ি ফেরা হল না। লোকসভা নির্বাচনের আবহে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিঘায় এক সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, শুক্রবার ভোরে দিঘা বিদ্যাভবন হাই স্কুলের অস্থায়ী ক্যাম্পে নিজের সার্ভিস গান থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম বীরেন্দ্র সিং (৪৩)। তিনি সিআরপিএফ-এর ১৩১ আলফা ইউনিটের সদস্য এবং হরিয়ানার বাসিন্দা ছিলেন। শুক্রবার ভোর ৫টা নাগাদ হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে সংশ্লিষ্ট স্কুল চত্বর। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন বীরেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজের সার্ভিস গান থেকে মাথায় গুলি চালিয়েছিলেন তিনি। ওই জওয়ানকে উদ্ধার করে মেডিক্যাল টিমের কাছে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রশ্ন হল, যদি আত্মহত্যার দাবি সত্যি হয়, তাহলে পরিবারিক অশান্তি নাকি কর্মক্ষেত্রের মানসিক চাপ, ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিলেন তিনি? বিষয়টি খতিয়ে দেখছেন জেলা পুলিশ ও সিআরপিএফ-এর উচ্চপদস্থ কর্তারা। দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোটের ঠিক আগেই এমন ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন