কলকাতা: কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) অফিসের সামনে শাসক ও বিরোধী দলের দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে স্ট্র্যান্ড রোড এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বিশৃঙ্খলা এড়াতে এবার ঐতিহাসিক মিলেনিয়াম পার্ক এবং সংলগ্ন শিপিং জেটি ঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।
গত ৩১ মার্চ ফর্ম-৬ জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে। এই ঘটনার রেশ ধরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ দুই তৃণমূল কাউন্সিলর— ৩২ নম্বর ওয়ার্ডের শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের সচিন সিং-সহ মোট ৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান এবং বেআইনি জমায়েতের অভিযোগ আনা হয়েছে।
শিপিং জেটি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী নিত্যযাত্রীরা। গঙ্গার এপাড় থেকে ওপাড়ে যাওয়ার এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকায় বিকল্প পথের সন্ধানে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশ জানিয়েছে, পার্কের ভেতরে থাকা পর্যটকদের বের করে দিয়ে এলাকাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে।
তৃণমূলের অভিযোগ, অন্য রাজ্যের ভোটারদের নাম বেআইনিভাবে এ রাজ্যের তালিকায় তোলার চেষ্টা করছে বিজেপি। গত ৩০ মার্চ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরের সামনে দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে, ৩১ মার্চ বিজেপি নেতাদের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষ একে অপরের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যারিকেড দিয়ে এলাকা ভাগ করে দিতে হয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও চাপা উত্তেজনা বজায় রয়েছে।
বিষয় : Kolkata West Bengal

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন