কলকাতা: নয়া অর্থবর্ষের প্রথম দিনেই রাজ্যের হাজার-হাজার প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর মাথায় আকাশ ভেঙে পড়ল। দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ বা সাক্ষাৎকারের দিনক্ষণ ঘোষণা হলেও, ১ এপ্রিল পর্ষদের এক আকস্মিক সিদ্ধান্তে আপাতত স্থগিত হয়ে গেল গোটা নিয়োগ প্রক্রিয়া। ৬ এপ্রিল থেকে শুরু হয়ে যে সাক্ষাৎকার পর্ব মে মাস পর্যন্ত চলার কথা ছিল, তা আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন প্রার্থীরা। তাঁদের আক্ষেপ, পর্ষদ তাঁদের আক্ষরিক অর্থেই ‘এপ্রিল ফুল’ বানিয়ে দিল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ এই সাক্ষাৎকার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। যদিও পর্ষদ খোলসা করে কিছু বলেনি, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের কারণেই এই প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। ফলস্বরূপ, ১৩ হাজার ৪২১ জন যোগ্য প্রার্থীর চাকরির ভবিষ্যৎ ফের একবার গভীর ধোঁয়াশায় তলিয়ে গেল। মনে করা হচ্ছে, নির্বাচন মিটে যাওয়ার আগে আর ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা নেই।
চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে পর্ষদ সভাপতি গৌতম পালের পুরনো প্রতিশ্রুতি নিয়ে। প্রার্থীরা মনে করিয়ে দিচ্ছেন, সভাপতি ঘোষণা করেছিলেন বছরে অন্তত দু’বার নিয়োগ হবে এবং টেট পাশ করে কেউ বসে থাকবে না। কিন্তু, বাস্তবে দেখা গেল উল্টো ছবি। ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা এখনও নিয়োগের সুবিধা পাননি। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে আশা জাগানো হলেও, ১ এপ্রিলের এই ধাক্কা সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল।
বিক্ষুব্ধ এক চাকরিপ্রার্থী বলেন, “৩ বছর পর ইন্টারভিউয়ের শিডিউল দেওয়া হল। আজ তা বাতিলের নোটিশ এল! আমরা তো সত্যি সত্যি এপ্রিল ফুল হয়ে গেলাম। এমন নোটিফিকেশন আসবে ভাবতেই পারিনি।” উল্লেখ্য, শেষবার ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। যেখানে ২০১৪ ও ২০১৭-সালের প্রার্থীরা সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে নতুনদের জন্য দরজা খোলার ইঙ্গিত দিয়েও শেষ মুহূর্তে তা বন্ধ করে দেওয়ায় পর্ষদের বিশ্বাসযোগ্যতা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেল।
আপাতত মে মাস পর্যন্ত আর কোনও আশার আলো নেই। নির্বাচনের পর আদৌ কবে ইন্টারভিউয়ের নতুন দিনক্ষণ ঘোষণা হবে, তার উত্তরের অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের হাজার-হাজার বেকার যুবক-যুবতী।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন