সুতি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সুতি থানার পুলিশ। রবিবার রাতে মানিকপুর ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে এক অস্ত্র পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করলেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭ এমএম পিস্তল, ৫০ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সালিম মিঞা। তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। রবিবার গভীর রাতে সুতি থানার পুলিশ মানিকপুর এলাকায় হানা দিয়ে তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং এই অস্ত্রগুলি কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত সালিম মিঞাকে সোমবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের শিকড়ে পৌঁছাতে চাইছে জঙ্গিপুর পুলিশ জেলা।
নির্বাচনের আগে জেলাজুড়ে কড়া নিরাপত্তা ও নাকা তল্লাশির মাঝেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রশাসনের তৎপরতাকে আরও বাড়িয়ে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন