লাভপুর (বীরভূম): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতেই বিপত্তি বীরভূমের লাভপুরে। শনিবার ফুল্লরাতলা মন্দিরের চত্বরে আয়োজিত জনসভার মঞ্চে হঠাৎই আগুন লেগে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঠিক কয়েক মুহূর্ত পরই এই ঘটনাটি ঘটে। সেই সময় তাঁর হেলিকপ্টারটি সভাস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল। এই ঘটনায় সাময়িকভাবে ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভার কাজ শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ফুল্লরাতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, তখনই মঞ্চের এক কোণে আগুনের শিখা দেখা যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এবং অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে নাইট্রোজেন গ্যাস এবং জল ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। বোলপুর দমকলকেন্দ্রের আধিকারিক সৌরভ মণ্ডল জানান, "মঞ্চে আগুন দেখামাত্রই আমরা তা নিভিয়ে ফেলি। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।" প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।
এদিনের এই গুরুত্বপূর্ণ জনসভায় লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ (রানা), বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়-সহ জেলার প্রথম সারির প্রায় সমস্ত নেতাই উপস্থিত ছিলেন। তবে, নজর কেড়েছে সিউড়ির দুবরাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মতো লাভপুরেও অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা হাঁসনের প্রার্থী ফয়জুল হক ওরফে কাজল শেখ। বীরভূমের রাজনৈতিক সমীকরণে কাজল শেখের এই অনুপস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, ভোটের মুখে ভিভিআইপি জনসভার মঞ্চে কীভাবে শর্ট সার্কিট হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় কোনও বিপত্তি না ঘটলেও নিরাপত্তাব্যবস্থায় কোনও ফাঁক ছিল কিনা, তা খতিয়ে দেখছে জেলা পুলিশ ও দমকল বিভাগ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন