কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই বিমানে চেপে অন্ডালের উদ্দেশে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সফরের শুরুতে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। বিশেষ করে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের জোগান এবং ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর প্রধান অভিযোগ, ভোটের মরসুমে রাজ্যের জেলাশাসক এবং পুলিশ অফিসারদের রদবদল করে প্রশাসনকে দুর্বল করার সুযোগে বাংলা থেকে উৎপাদিত গ্যাস বাইরে পাঠিয়ে দেওয়া হতে পারে। তিনি সাফ জানান, "চাই না হলদিয়া থেকে বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে চলে যাক।
এ রাজ্যে পেট্রোল ও গ্যাস দুই-ই রয়েছে।" মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, নির্বাচনের ডিউটি করতে ভিনরাজ্য থেকে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও জওয়ান বাংলায় আসবেন। তাঁদের রান্নার ব্যবস্থা করতে গিয়ে যেন বাংলার সাধারণ মানুষের গ্যাসের জোগানে কোনও টান না পড়ে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যে কেরোসিনের জোগানও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর শুল্ক কমানোর যে ঘোষণা করেছে, তাকেও তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টিকে 'শাড়ির দোকানের সেল'-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, "আগে দাম হাজার হাজার শতাংশ বাড়ানো হয়েছে, এখন সামান্য কমানো হচ্ছে। শুল্ক কমানো মানে আসলে কত টাকা কমবে? আমি চাই সাধারণ মানুষ সস্তায় জ্বালানি পাক।"
এ দিন ভোটার তালিকা নিয়ে সবচেয়ে বেশি আক্রমণাত্মক মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর কথায়, "সুতির একটি বুথে ৫০০ ভোটারের মধ্যে ৪০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বসিরহাটে ৬০০ জনের মধ্যে বাদ গেছে ৪০০ নাম। এটা গণতন্ত্রের হত্যা।" এই সমস্যার সমাধানে জেলায় জেলায় ট্রাইবুনাল গড়ে নাম তোলার ব্যবস্থা করার দাবি জানান তিনি। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপির জমিদারি নাকি দেশটা? ধর্মের কল বাতাসে নড়ে, আজ রামনবমীতে বলে গেলাম।"
বৃহস্পতিবার দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে সমস্যা হয়েছিল। প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর বিমানটি নিরাপদে নামে। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে এ দিন ওই বিমানের পাইলটের ভূয়সী প্রশংসা করেন মমতা। তিনি বলেন, "পাইলট খুব ভাল ছিল, আমাদের জীবন বাঁচিয়েছে।"
শনিবার মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা রয়েছে। আজকের এই কড়া বার্তা ভোটের ময়দানে নতুন করে বিতর্ক উসকে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন