কলকাতা: ব্রিগেডে জনসভার ঠিক ১২ দিনের মাথায় জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী বাংলা সফরের নির্ঘণ্ট। বিজেপি সূত্রে খবর, আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে বাংলায় নিজের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তিনি। গত ১৪ মার্চ ব্রিগেডের সভায় মোদী পরিবর্তনের ডাক দিলেও, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এটাই হবে তাঁর প্রথম বড় জনসভা।
বাংলার নির্বাচনী মানচিত্রে উত্তরবঙ্গ বর্তমানে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। ২০১৯ ও ২০২৪-এর লোকসভা নির্বাচন এবং ২০২১-এর বিধানসভা ভোটেও উত্তরবঙ্গের মানুষ পদ্মশিবিরকে দু-হাত ভরে আশীর্বাদ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনেও সেই ধারা বজায় রাখতে চায় বিজেপি। উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল - এই দুই দফায় বাংলায় ভোট হতে চলেছে। প্রথম দফার ভোটেই উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোটগ্রহণ হবে। তাই, প্রচারের শুরুতেই উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগেই আজ - শুক্রবার বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। এর মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনী লড়াইয়ের সুর বেঁধে দেবেন তিনি।
তৃণমূলের বিরুদ্ধে প্রচারের ঝাঁজ বাড়াতে বিজেপি এবার রাম নবমীর আবেগ এবং উত্তরবঙ্গের সাংগঠনিক শক্তি কাজে লাগাতে চাইছে। মার্চের শেষে মোদীর সফরের সম্ভাবনা থাকলেও, অবশেষে ৫ এপ্রিলকেই চূড়ান্ত দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে। দলীয় কর্মীদের আশা, আলিপুরদুয়ারের এই সভা থেকেই প্রধানমন্ত্রী বাংলায় জয়ের লক্ষ্যে নতুন কোনও দিশা দেখাবেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন